ইসলামেই মানবজাতির কল্যাণ নিহিত : আল্লামা মাসঊদ
পাথেয় রিপোর্ট : ইসলাম কেবল একটি ধর্ম নয় বরং এর মধ্যকার মানবজাতির শান্তি ও কল্যাণ নিহিত আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম কল্যাণ ও শান্তির ধর্ম। ইসলাম এমন একটি শান্তিপ্রিয় ধর্ম যেখানে কাউকে কোনো বিষয়ে অতিরঞ্জিত কিছু করার শিক্ষা দেয় না। ইসলাম সবসময় মধ্যপন্থা অবলম্বনেরই শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এটাই যে, তার বান্দা যেন মধ্যপন্থা অবলম্বন করে জীবন পরিচালনা করে কোনোভাবেই যেন অহংকার প্রকাশ না পায়।
শুক্রবার (৫ জুলাই ২০১৯) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
ইসলাম ধর্মপালনে কোন কষ্ট ও পেরেশানি নেই উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, মানুষের কল্যাণ ও উপকারের জন্য আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে সহজ করেছেন। ইসলাম ধর্মের হুকুম আহকাম পালনে বিন্দুমাত্র কষ্ট নেই বরং পারিবারিক জীবন এবং সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের শান্তি, স্বস্তি, নিরাপত্তা ও প্রশান্তির নিশ্চয়তা রয়েছে। অন্তরের পেরেশানিও দূর হয় ইসলামপালনে।
আল্লামা মাসঊদ বলেন, ইসলামের ইবাদত ও হুকুম আহকাম পালনে দেশ-জাতি এবং শ্রেণির ভিন্নতা ও ভেদাভেদ নেই। সকল দেশের এবং ধরনের মানুষ জন্য ইসলামের হুকুম আহকাম এক। সবার উপরের নামাজ, রোজা, হজ ফরজ এবং এগুলো পালন করার নিয়মও এক।
হজ বিশ্ব মুসলিমের মিলনস্থল ও ঐক্যের প্রতীক জানিয়ে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, হজ মুসলিম জীবনে একটি অতি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহর নির্দেশিত এমন একটি ফরজ বিধান, যা ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি ইসলামের অপরাপর বিধান থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী। প্রতি বছর লাখ লাখ মুসলমান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য।
আল্লামা মাসঊদ বলেন, যতদিন আল্লাহর এই ঘর জমিনের ওপর দাঁড়িয়ে থাকবে, মুসলমানদের অস্তিত্ব টিকে থাকবে, হজ নামক ইবাদত চালু থাকবে, ততদিন অটুট থাকবে এই ঐক্য ও ভ্রাতৃত্ব। মসজিদে উপস্থিত মুসাল্লীদের যারা এবার হজে গিয়েছেন এবং যাচ্ছেন তাদের এবং বিশ্বের সবার হজ্জে মাকবুল-হজ্জে মাবরুর নসিব হোক- এই দুআ করেন তিনি।
গ্রন্থনা : আদিল মাহমুদ


