ইসলাহের টানে আবারও বেলংকায়

ইসলাহের টানে আবারও বেলংকায়

ইসলাহের টানে আবারও বেলংকায়

মুহাম্মাদ আইয়ুব ❑ ‘দিলের সাথী আল্লাহ, আমলের সাথী নবীজী, চলার সাথী সাহাবী’ আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দাবা. এর যুগান্তকারী সূত্রটি মন ও মননে খোদাই করে অংকনের লক্ষ্যে, আত্মশুদ্ধি ও আত্মশক্তি অর্জনের ঐকান্তিক ইচ্ছায় চৌদ্দ’শ ষাটদিন পর আবারও পূণ্যভূমি বেলংকার মাটিতে পা রাখলাম। আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ।

তাড়াইলের বেলংকা আমার জীবনের অবিচ্ছেদ্য এক অংশের নাম। কেননা স্বর্গের সুখ মর্ত্যে অনুভব করার নাম যে বেলংকার ইজতেমা। এখানের হৃদয়গ্রাহী মোনাজাতে আল্লাহকে অনুভব করা যায়। এই তো বুঝি আল্লাহ মহান কুদরতি হাতে পরশ বুলিয়ে দিচ্ছেন, এই তো আমাদের গোনাহগুলো ধুয়ে মুছে সাফ সুতরা করে দিচ্ছেন। বহুদিন পর এ মাটিতে পা রাখতেই হারিয়ে গেলাম নয় দশ বছর আগের এক চান্নি-পসর রাইতে।

অসম্ভব আকর্ষণ আর বুকভরা নেশা নিয়ে ঢাকা থেকে নেমেছিলাম তাড়াইল বাজারে। চাঁদের আলো গায়ে মেখে মেখে উল্লাসে উচ্ছ্বাসে তিন কিলোমিটার পথ হেঁটে কখন যে জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া ময়দানে পা রাখলাম বুঝতে পারলাম না। বড় হুজুরের ইসলাহী বয়ান, রংপুরের মাওলানা হুসাইন আহমাদ সাহেবের আবেগময় যিকির আর সর্বশেষ তাড়াইলবাসীর সুপরিচিত একান্ত আপনজন পীর সাহেবের (বড় হুজুর) হৃদয় নিংড়ানো আল্লাহময় মোনাজাত আমাদেরকে আগামী ইজতেমায় আসার অগ্রীম দাওয়াত দিয়ে রাখল।

সেই ধারাবাহিকতায় লাগাতার পাঁচ বছর এসেছি এই বরকতময় ভূমিতে পূন্যের টানে। মাঝখানে দীর্ঘ তিন বছর গ্যাপ দেওবন্দ আর মসজিদের খেদমতে। শূণ্যতায় ভরা সে দিনগুলোর কথা ভাবতেই লজ্জা লাগে কেন আসিনি গত কয়েকবছর? না আসার অপরাধ কখনো নিজেকে নিজে ক্ষমা করতে পারিনি। ইসলাহী ইজতেমার সাথে সাথে গুচ্ছগ্রাম রশীদ নগরের সবুজাভ প্রান্তরে নয়নাভিরাম সূর্যাস্তের কথা ভোলা বড় দায়।

কুদরতি হাতের ছোঁয়ায় এখানকার মাঠঘাটে সবুজের ঢেউ খেলানো মনভোলানো দৃশ্য আর গঞ্জে গেরামের সাদাসিধে মানুষদের দিলখোলা আচরণ স্মৃতিতে আজো জীবন্ত। সহজ সরল গাও গেরামের মানুষদের সাথে আবারে তিনটি দিন কাটাব, আল্লাহ ওয়ালাদের সোহবত আর এদের নির্মল হাসি আর প্রাণখোলা কথাবার্তায় বাহাত্তর ঘন্টা প্রাণবন্ত হবে ভাবতেই ভালো লাগছে। গুনাহের মরীচিকা পড়ে হৃদয় আমার অন্ধকারাচ্ছন্ন। সুদূর গোপালগঞ্জ থেকে এসেছি কিশোরগঞ্জের বরকতময় ইসলাহী ইজতেমায় এক আল্লাহ পাগল, সাচ্চা আশেকে রাসূলের সোহবতে জংধরা হৃদয়ের জং সারাতে আয়নার মত স্বচ্ছ করতে। হে আল্লাহ! তোমার এক খাস পাগলের সোহবতে এই অভাগার কপালে সৌভাগ্যের দ্যুতি ছড়াও।

পাথেয়/আ.মা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *