এমবাপ্পের দাম ২ হাজার কোটির চেয়েও বেশি!

এমবাপ্পের দাম ২ হাজার কোটির চেয়েও বেশি!

পাথেয় ডেস্ক : ১৮০ মিলিয়ন ইউরোতে কিলিয়ান এমবাপ্পেকে দলে টেনেছে পিএসজি। রিয়াল দলে টানতে খরচ করতে প্রস্তত ২১৪ মিলিয়ন ইউরো। চোখ কপালে উঠাবার মতো কোন সংবাদ কি এটা! এই তর্কে যাওয়া বোধহয় একদমই অনুচিৎ। কারণ, ফুটবল বিশ্বে প্লেয়ারদের দলবদলে যে দর উঠানামা করে। তাতে কখন কি ঘটে যায় তাই বলা মুশকিল। মেসি, নেইমার, রোনালদো বা তারকাখ্যাতি নিয়ে যারা এখনো জ্বলজ্বল, তাদের সবাইকে পেছনে ফেলে ফরাসি সুপারস্টার এমবাপ্পের কি দামটাই না উঠলো! তাও নাকি কিলিয়ানকে দলে ভেড়াতে পারেনি রিয়াল।

আবারো শোনা যাক, ১৮০ মিলিয়ন ইউরোতে কিলিয়ান এমবাপ্পেকে দলে টেনেছে পিএসজি। কাগজে কলমে দলবদলটা ২০১৮ সালে দেখালেও, গত মৌসুম থেকেই পিএসজির জার্সি গায়ে চাপাচ্ছেন এমবাপ্পে। খেলছেন দারুণ। বিশ্বকাপ মাতিয়েছেন ফ্রান্সের হয়ে। গতি, স্কিল, টেকনিক সবকিছু মিলিয়ে নিজের জাতকে ভালেই চিনিয়েছেন বর্তমান সময়ের এই তারকা ফুটবলার। তাকে দলে টানার জন্য মুখিয়ে আছে বাঘা বাঘা সব ক্লাব। সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ দামটাই হাঁকাতে প্রস্তত তারা। এদিকে ফরাসি তারকাকে দলে টানার চেষ্টা করেছিল রিয়াল মাদ্রিদও। তখন জানা গিয়েছিল, রিয়ালও ১৮০ মিলিয়ন ইউরো দিয়েই তাঁকে দলে টানতে চেয়েছিল। কিন্তু ফুটবল লিকস জানাচ্ছে, রিয়াল আসলে এমবাপ্পের জন্য আরও উদারহস্ত হতে চেয়েছিল, খরচ করতে চেয়েছিল ২১৪ মিলিয়ন ইউরো!

বাংলাদেশের মূল্যমানে অঙ্কটা ২ হাজার ৬২ কোটি ৮৮ লাখ টাকা! ২০১৫ সাল থেকেই এমবাপ্পের দিকে নজর রিয়াল। জিনেদিন জিদানের পছন্দ বলে তাঁকে আনার সর্বোচ্চ চেষ্টাই চালিয়েছিল রিয়াল। তারা মোনাকোর দাবি করা ১৮০ মিলিয়ন ইউরোই শুধু দিতে চায়নি, দলবদলের লেনদেনে যে ৩৪ মিলিয়ন ইউরো কর দিতে হতো মোনাকোকে সেটিও দিয়ে দিতে চেয়েছিল রিয়াল। কিন্তু যেখানে বেড়ে উঠেছেন, সেই প্রিয় প্যারিসে ফেরার সুযোগ পেয়ে এমবাপ্পে পিএসজিতেই যাওয়ার সিদ্ধান্ত নেন। ঘরোয়া প্রতিদ্বন্দ্বীর শক্তি বৃদ্ধি করার ইচ্ছা না থাকলেও এমবাপ্পের জেদের কাছে হার মানে মোনাকো। আর এমবাপ্পেকে নেওয়ার ইঁদুর দৌড়ে জিতে যায় পিএসজি। এ বছর বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে এমবাপ্পে নেইমারকেও হারিয়ে দিয়ে এ দলবদলকে যুক্তিযোগ্য করে তুলেছেন।

পিএসজির কাছ থেকে এমবাপ্পে অবশ্য বাড়তি কিছু সুবিধাও নিয়েছেন এ দলবদলের জন্য। কর দেওয়ার পরও ১০ মিলিয়ন বেতন পাচ্ছেন পিএসজির কাছ থেকে। রিয়ালে সেটি ৭ মিলিয়ন টপকাতো না। এমবাপ্পে দাবি করেছিলেন, যদি ব্যালন ডি’অর জিততে পারেন তবে পিএসজিতে নেইমারের সমান বেতন দিতে হবে অর্থাৎ বছরে ৩০ মিলিয়ন ইউরো। কিন্তু তাঁর সে প্রস্তাব উড়িয়ে দিয়েছে পিএসজি। তবে এককালীন ৫ লাখ ইউরো দেবে পিএসজি। এ ছাড়া বছরে ব্যক্তিগত বিমানে ৫০ ঘণ্টা উড়ার সুবিধা চেয়েছিলেন এমবাপ্পে। এ দাবিও মানেনি পিএসজি। তবে একজন বাটলার, একজন চালক ও নিরাপত্তারক্ষীর বেতন দিতে রাজি হয়েছে পিএসজি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *