করোনা; আতঙ্কিত হবেন না, তওবা করুন, মুক্তি পাবেন : আল্লামা মাসঊদ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রকৃত মুমিন কখনো আতঙ্কিত হয় না, আতঙ্ক ছড়ায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে ভয় কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রকৃত মুমিন কখনো আতঙ্কিত হয় না, আতঙ্ক ছড়ায় না। সে সবসময় আল্লাহর উপর ভরসা করে থাকে। নিজ গুনাহের কারণে লজ্জিত হয়ে তওবা করে। কারণ একমাত্র আল্লাহ তাআলাই পারেন এই ধরনের মহারামি থেকে মুক্তি দিতে।
শুক্রবার (১৩ মার্চ ২০২০) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
করোনা ভাইরাস আল্লাহর গজব, আল্লাহর আজাব মোকাবেলা করার শক্তি কারও নেই বলে মন্তব্য করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, মানুষ পাপ করতে করতে যখন পাপের সীমা ছাড়িয়ে যায়, তখনই আল্লাহর শাস্তি নাজিল হয়। পাপিষ্ঠ ফেরাউনকে আল্লাহ তাআলা তখনই ধরেছেন, যখন সে নিজেকে খোদা বলে দাবি করেছে। অনুরূপভাবে আদ, সামুদ প্রভৃতি জাতিকে তাদের সীমাহীন পাপাচারের কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, করোনাভাইরাসের মত মহামারীগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসে। এগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য শাস্তি স্বরূপ। পৃথিবীর কোন শক্তি নেই তার মোকাবেলা করার। সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেলেও তার মোকাবিলা করা সম্ভব হবে না। এই মহামারীতে রক্ষা পেতে হলে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তওবা করে দ্বীনের পথে চললে আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করবেন।
রাজধানীর খিঁলগাও, চৌধুরীপাড়ায় অবস্থিত জামিআ ইকরা বাংলাদেশের খতমে বুখারী ও দুআ মাহফিল উপস্থিত থাকার আহ্বান জানিয়ে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এই খলীফা বলেন, বুজুর্গানে দ্বীনের তাজরেবা, পবিত্র বুখারী শরীফের খতম করে যে দুআ করা হয় তা কবুল হয়। আজ বাদ মাগরিব জামিআ ইকরার চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীসের (মাস্টার্স) সমাপনী, পুরস্কার বিতরণ, পবিত্র খতমে বুখারী ও দুআ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকতে বিশেষ আহ্বান জানাই।


