পাথেয় রিপোর্ট : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আল-জামিয়াতুল আহ্লিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী।
রোববার (১১ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত একটি শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা তথা কুরবানি মুসলিম উম্মাহকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে প্রিয়বস্তু আল্লাহর রাস্তায় উৎসর্গ করার শিক্ষা দেয়। আর শুধুমাত্র ভোজন-বিলাসের নাম কুরবানি নয় বরং প্রিয় রবের সন্তুষ্টি অর্জন ও তাকওয়া হাসিলের লক্ষে সর্বস্ব বিলিয়ে দেয়া।
হেফাজত আমীর বলেন, কুরবানির প্রকৃত শিক্ষা হলো নিজের মাঝে বিরাজমান অহংকার, হিংসা-বিদ্বেষ, অসহায়-দুর্বলের প্রতি জুলুম-অত্যচারসহ হিংস্রতার মাতো পশুসুলভ আচরন নির্মূল করা। তিনি এই পবিত্র ঈদুল আজহায় দেশের সর্বস্তরের মানুষের জীবন সুন্দর ও সফলতা কামনা করেন।
এদিকে দেশবাসী ও বিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামা। রোববার (১১ আগস্ট) নিজ কার্যালয় থেকে এক বার্তায় এ শুভেচ্ছা জানান বাংলাদেশ জমিয়তুল উলামার নেতৃবন্দ।
যৌথ শুভেচ্ছা বার্তায় বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এখনে হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমণ্ডূকতার কোনো স্থান নেই। ইসলাম মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরম সহিষ্ণুতা, সাম্য, মৈত্রীসহ বিশ্বজনীন কল্যাণকে ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক—এ প্রত্যাশা করি।
আল্লামা মাসঊদ বলেন, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়। তিনি বলেন, শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যায় গ্রামে, আপনজনের কাছে। মিলিত হয় আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সঙ্গে। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ।

