পাথেয় টোয়েন্টিফোর : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে ও চিকিৎসাসেবা শুরু করতে ৫ সদস্যের একটি বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন এ তথ্য জানিয়েছেন।
বিএসএমএমইউর চিকিৎসক আবদুল জলিল চৌধুরী ও বদরুনেসা আহমেদ এ বোর্ডে থাকবেন। আদালত বলেছেন, অপর তিনজন সদস্য সরকার মনোনয়ন করবে। তবে ওই তিনজনের কেউই কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের স্বাচিপ ও ড্যাবের বর্তমান বা অতীত সদস্য সমর্থক হতে পারবেন না। বোর্ডকে দ্রুত খালেদা জিয়াকে বিএসএমএমইউতে ভর্তি ও চিকিৎসাসেবা শুরুর নির্দেশও দিয়েছেন আদালত।
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
আদালত এও বলেছেন, আবেদনকারী (খালেদা জিয়া) তাঁর পছন্দ অনুসারে ফিজিওথেরাপিস্ট, গাইকোনকলজিস্ট ও টেকনিশিয়ান নিতে পারবেন। তবে বোর্ডের অনুমোদন সাপেক্ষে তিনি বাইরে থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক আনতে পারবেন।
ইউনাইটেড বা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নির্দেশনা চেয়ে ৯ সেপ্টেম্বর খালেদা জিয়া রিট করেন, যার ওপর গত মঙ্গল ও বুধবার শুনানি হয়। আজ বৃহস্পতিবার এ বিষয়ে আদেশের জন্য সময় নির্ধারণ করেন আদালত।
এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক আদালতে (বিশেষ জজ আদালত-৫) খালেদা জিয়ার চাহিদা মোতাবেক হাসপাতালে চিকিৎসা দেয়ার আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। সুস্থ না হওয়া পর্যন্ত বিচারের কাজ মুলতবি রাখতেও আদালতে আবেদন জানান তিনি।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরনো ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা জিয়া। এরই মধ্যে একবার তার স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের দিয়ে বিশেষায়িত বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শারীরিক পরীক্ষা করতে গত ৭ এপ্রিল খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়।


