পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গুনাহ না ছাড়লে সারা বিশ্বের বর্তমান নাজুক পরিস্থিতির পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) ইকরা বাংলাদেশ ঝিল মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে এ মন্তব্য করে তিনি।
মদ পান করা, ব্যভিচার করাকে মানুষ আগের মতো বড় গুনাহ মনে করে না উল্লেখ করে ফিদায়ে মিল্লাতের এই খলীফা বলেন, আজকাল মানুষ ব্যভিচার করাকে কোনো বড় অপরাধ মনে করে না। বিবাহ ছাড়াই ছেলে-মেয়ে লিভ টুগেদার করছে। মদ খাওয়াকে হারাম মনে করা হয় না। জায়গায় জায়গায় মদ খাওয়ার ব্যবস্থা আছে।
সুদখোরের বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, আগে মানুষ সুদ খাওয়াকে গুনাহ মনে করতো। কিন্তু এখন সুদকে তথাকথিত ইসলামি ব্যাংকের নাম করে হালাল মনে করে গ্রহণ করে। অথচ আল্লাহ তাআলা সুদখোরের সাথে যুদ্বের ঘোষণা দিয়েছেন।
বর্তমান সমাজের নাজুক পরিস্থিতির কথা তুলে ধরতে গিয়ে এই আধ্যাত্নিক রাহবার বলেন, এই সমাজে পঁচন ধরেছে। আজকে সন্তান বাবা-মায়ের সাথে থাকে না। বেশিরভাগ মানুষের প্রথম বিয়ে টেকে না। এক জরিপে দেখা গেছে, রাজধানী ঢাকার ৮০% প্রথম বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
নবীজী (সা.) এর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খুশি না করলে আখিরাতে তার সুপারিশ পাওয়া যাবে না। আর নবীজীর সুপারিশ না পেলে জান্নাতেও যাওয়া যাবে না। কোনো বিপথে যাওয়া উম্মতকে পথ দেখালে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবচেয়ে বেশি আনন্দিত হন।
আরও পড়ুন: জালিমের কাঠগড়ায় বীর মুজাহিদ
অপর মুসলমান ভাইকে গুনাহ ছাড়ার দাওয়াত দিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা বলি আল্লাহ কেন করোনাভাইরাস উঠিয়ে নেন না! কিন্তু আমার মুসলমান ভাইকে বলি না, গুনাহ ছাড়েন না কেন? আমরা মুসলামান ভাইদেরকে গুনাহ ছাড়ার জন্য দাওয়াত দেবো।
উম্মতকে নিয়ে চিন্তা করতে হবে উল্লেখ করে শোলাকিয়া ইদগাহের ইমাম বলেন, আসুন আমরা উম্মতকে নিয়ে চিন্তা করি। যে উম্মতকে নিয়ে চিন্তা করবে, আল্লাহ তাআলা নিজে তার পরিবারের দায়িত্ব নিবেন। আর আল্লাহ তাআলা কারও দায়িত্ব নিলে তার কি আর কোনও চিন্তা আছে?
দীনের খাতিরে কারও সাথে সম্পর্ক রাখার ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, কেউ যদি কারও সাথে দীনের খাতিরে সম্পর্ক রাখে, তবে হাশরের ময়দানে আল্লাহ তাআলা ঐ দুই ব্যক্তিকে নুরের মিম্বরে বসাবেন।
গুনাহ না ছাড়লে সারা বিশ্বের নাজুক পরিস্থিতি কখনও পরিবর্তন হবে না উল্লেখ করে তিনি বলেন, আজকে সারা দুনিয়ায় এক ভয়াবহতা বিরাজমান করছে, একদিকে দাবানল; অন্যদিকে বন্যা, আর করোনা তো আছেই। আমরা যদি এখনও নিজেদের পরিবর্তন না করি, আমরা যদি গুনাহকে না ছাড়ি, তাহলে এই পরিস্থিতির কখনও পরিবর্তন হবে না। আল্লাহ আমাদের রক্ষা করুন।


