পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আমলকে আকর্ষণীয় করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, ঘর-বাড়ি ও মসজিদকে আকর্ষণীয় নয়, আমলকে আকর্ষণীয় করতে হবে। মানুষ যেমন আকর্ষণীয় বস্তু সহজেই পছন্দ করে, তেমনি আল্লাহ তাআলাও বান্দার আকর্ষণী আমল পছন্দ করেন। তাই আমল সুন্দর ও আকর্ষণীয় ভাবে করতে হবে, আকর্ষণী করে আল্লাহর কাছে পেশ করতে হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাদ মাগরিব বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত রাজধানীর ইকরা বাংলাদেশ বনশ্রী শাখা মিলনায়তনে ইসলাহী মাহফিলে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
আমল করবে তার লাভকে সামনে রেখে উল্লেখ করে বাংলাদেশের জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, যখন তুমি কোন আমল করবে, তখন সামনে এই আমালের লাভকে রাখবে। অর্থাৎ তুমি দেখবে, এই আমাল করলে আমার কী লাভ হবে। আমল করার সময় লাভের আশা অন্তরে রাখবে। এই আমলের বিনিময় আমি দুনিয়া ও আখেরাতে পাবোই পাবো এমন দৃঢ় প্রত্যয় রাখবে।
আল্লামা মাসঊদ বলেন, মানুষের অন্তরে আল্লাহ লাভের প্রবণতা দিয়েছেন আখেরাতের জন্য, কিন্তু মানুষ সেটা দুনিয়াতে করে। দুনিয়াতে কী কাজ করলে তার কী লাভ হবে, সেটা সে ভাবে, কিন্তু আমল করলে আখেরাতে যে কী লাভ হবে সেটা কখনো চিন্তা করে না। অথচ দুনিয়ার লাভের তুলনায় আখেরাতের লাভ অনেক বেশি এবং স্থায়ী।
মানুষকে সবসময় দুনিয়ামুখী থেকে আখেরাতমুখী করার চেষ্টা করতে হবে জানিয়ে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, দুনিয়া মানুষের সামনে থাকে, এজন্য মানুষ দুনিয়া লোভী হয়। আমাদের পেয়ারে নবীজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম (রা.)-কে দুনিয়ামুখী থেকে আখেরাতমুখী করা চেষ্টা করেছেন। তাই আমাদেরকেও এই চেষ্টা করতে হবে।
তিনি বলেন, জান্নাতে মানুষের কোন আফসোস থাকবে না, শুধুমাত্র আমলের আফসোস ছাড়া। একমাত্র আমলের জন্য মানুষ জান্নাতে আফসোস করবে। হায়, যদি আরো একটু আমল করতাম, আরো একটু নেক কাজ করতাম।
ইসলাহী মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আব্দুর রহীম কাসেমী, জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা শোয়াইব আহমদ, মাহফিল আয়োজক কমিটির সদস্য জনাব জিললুর রহমান, জনাব জুয়েল রানা লাভু, জনাব নুরুন নবী, মাওলানা ইসহাক প্রমুখ।
মাহফিল শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা ও দেশ-জাতি এবং মুসলিম উম্মাহের জন্য শান্তি কামনা করেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।


