তামিমের বিকল্প নিয়ে কোন চিন্তা নেই : সাকিব

তামিমের বিকল্প নিয়ে কোন চিন্তা নেই : সাকিব

ক্রীড়া ডেস্ক : ছুটি কাটিয়ে দেশে ফিরে জাতীয় দলের সঙ্গে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। তার নেতৃত্বে আগামী ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টেস্ট খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ পাবে না বিশ্রামে থাকে দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। তার না থাকা মানে দলে বড় একটা ঘাটতি। তবে বাঁহাতি এই ওপেনারের বিকল্প নিয়ে কোনো দুর্ভাবনা নেই টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের।

আসলে একের পর এক ম্যাচে ব্যর্থ হতে থাকা তামিমকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন সাকিবই। বন্ধুর কথাতেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নেন তামিম। ওপেনিংয়ে তামিমের বিকল্প হিসেবে কে বা কারা সুযোগ পেতে পারে এমন একটা আলোচনা দলে সবসময়ই চলে। এর বাইরে ক্রিকেটপ্রেমী আর সাংবাদিকদেরও আছে এটা জানার আগ্রহ। যে কারণে সাকিবকে আজ এই প্রশ্নের মুখোমুখি হতে হলো।

মিরপুরে বিশ্বসেরা অল-রাউন্ডার সাংবাদিকদের বলেন, ‘যে জায়গাগুলো ফাঁকা হয় কিংবা ফাঁকা থাকে বা যে জায়গাগুলো নিয়ে আমরা সচেতন থাকি। সেই জায়গাগুলো নিয়ে আমরা সব সময় আলাপ-আলোচনা করি। সবাই আলাপ-আলোচনা করার পর আমরা একটা সিদ্ধান্তে এসে পৌঁছাই যে, এই খেলোয়াড় এই এই কারণে এই পজিশনে সুইটেবল হবে। তারপর আমরা আসলে নির্বাচন করি। জায়গা দেওয়া না দেওয়া বড় কথা না।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি দল কিন্তু খেলতে নামে জেতার জন্য। দলগুলো যখন ম্যাচ খেলতে যায় তখন কিন্তু এটা চিন্তা করে না যে, আমরা খেলোয়াড় তৈরি করতে যাচ্ছি কিংবা নতুন খেলোয়াড় দেখার জন্য যাচ্ছি। হয়তো নতুন খেলোয়াড়ও দেখা হতে পারে, কিন্তু দিনশেষে লক্ষ্য থাকে ম্যাচ জেতার। আমরাও ওই লক্ষ্য নিয়েই খেলব। এর জন্য যদি নতুন খেলোয়াড় নেওয়ার দরকার হয়, তাহলে নতুন খেলোয়াড় নেব। যদি দেখি অভিজ্ঞদের পারফর্ম করার সম্ভবনা আছে তাহলে ওরাই খেলবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *