পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রোববার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে শহরতলি এলাকায় হামলা চালায় দু’টি ইসরায়েলি ড্রোন। ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার জেরে নিহত হন দু’জন হিযবুল্লাহর সদস্য। সেই ঘটনাতেই উত্তেজনা বাড়ছে। এরই প্রেক্ষিতে শিয়া মুসলিমপন্থী সংগঠন ইসরায়েলে আজ রাত থেকেই ভয়াবহ হামলা চালানোর হুমকি দিয়েছে। সংগঠনটির প্রধান হাসান নাসরাল্লার সেই হত্যার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
স্থানীয় সময় সোমবার একটি টেলিভিশন বার্তায় হুঁশিয়ারির সুরে তিনি বলেন, সীমান্ত এলাকায় থাকা ইসরায়েলি সেনাদের বলব, আজ রাত থেকে তোমরা প্রস্তুত থেকো। আমাদের জন্য অপেক্ষা করো। ২০০৬ সালে হিযবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের পর এই প্রথম এমন শত্রুভাবাপন্ন আচরণ। এটা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের বিরোধী। ইসরায়েলি বিমান আসবে আর লেবাননের ওপর হামলা চালিয়ে চলে যাবে এমন দিন আর নেই।
এদিকে লেবাননের আকাশসীমা লঙ্ঘন ও ঘনবসতিপূর্ণ এলাকায় হামলার অভিযোগ নিয়ে মন্তব্য করতে রাজি নয় ইসরায়েলি প্রশাসন। এই ঘটনার তীব্র বিরোধিতা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। এমন ঘটনা ওই এলাকার স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে বিপজ্জনক হযে ওঠবে বলে মন্তব্য করেছেন তিনি।
পরিস্থিতি বেগতিক দেখে টনক নড়েছে আন্তর্জাতিক মহলেরও। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির সঙ্গে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ওই এলাকায় উত্তেজনা কমানোর ব্যাপারে জোর দিতে বলেছেন তিনি।


