দিল্লি দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের মাহমুদ মাদানীর কোটি টাকা অনুদান
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও ঘর-বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তিতেই এক কোটি রুপি অনুদান দেবে বলে জানিয়েছেন ভারতীয় মুসলিমদের সবচেয়ে প্রাচীন সমাজিক ও ধর্মীয় সংগঠন জমিয়তে উলামা হিন্দ।
বুধবার (১১ মার্চ) জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানী ভারতীয় গণমাধ্যমে বিবৃতি দিয়ে একথা জানান। তিনি বলেন, ইতোমধ্যে জমিয়তে উলামা হিন্দের প্রথম এক কোটি রুপি অনুদান প্রদানের কর্যক্রম শুরু হয়ে গেছে।
জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেলের উপস্থিতিতেই দিল্লির শিওয়াহার থেকে এই অনুদান প্রদানের কর্মসূচি শুরু হয়েছে। মাওলানা মাহমুদ বলেন, ভয়াবহ সাম্প্রদায়িক এই দাঙ্গায় সময় এখানে বিরাট বিপর্যয় হয়েছিল। তাই এখনকার ধ্বংস হওয়া ঘর-বাড়ি, দোকান-পাট ও মসজিদ নির্মাণ করে দেয়া হবে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শিওয়াহারে জমিয়তে উলামা হিন্দের রিলিফ কমিটির একটি অফিস প্রতিষ্ঠা করা হয়েছে। জমিয়ত কর্মীরা সেখানে অবস্থান করছেন এবং মানুষের সেবা করে চলছেন।
উল্লেখ, দিল্লিতে ভয়াবহ সাম্প্রদায়িক এই দাঙ্গায় প্রায় পঞ্চাশজনের মতো প্রাণহানী ও আড়াইশোরও বেশি মানুষ আহত হয়েছেন। কিছু কিছু অঞ্চলে মুসলিমের ধর্মীয় কার্যক্রমগুলোও বন্ধ করে দেয়া হয়েছিল। সাম্প্রদায়িক এই দাঙ্গায় পর জমিয়তে উলামা হিন্দের প্রচেষ্টায় শিওয়াহারের মুসলমানরা গত শুক্রবার (৬ মার্চ) প্রথম মসজিদে নামাজ আদায় করেন।
এদিকে জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারী মাওলানা হাকিমুদ্দীন কাসেমী সাংবাদিকদের বর্তমান অবস্থার কথা জানিয়ে বলেছেন, আমরা মনে করি প্রথমে ভাঙ্গা হৃদয়ে প্রশান্তি ফেরানো। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রয়োজন। তাদের জন্য শান্তি ও নিরাপত্তা জরুরি। হিন্দু মুসলমান সবাই মিলে আমনো আমান শান্তি ও নিরাপত্তা সৃষ্টির জন্য জুলুসের মতো করে আমরা মার্চ করছি। যাতে সবাই তাদের ব্যবসা প্রতিষ্ঠান আবার শুরু করে। নিরাপত্তাবোধ করে তারা কাজে যোগ দেয়। আমরা এই পয়গাম ছড়িয়ে দিতে চাই যে, আমরা একে অন্যের সঙ্গে ভালোবাসা প্রতিষ্ঠা করতে চাই। আমাদের মধ্যে দূরত্ব তৈরী হয়েছে। এটা দূর করাটা্ও জরুরি।


