নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কমিশনার নিয়োগের সুপারিশ দিতে পাঁচ সদস্যের একটি বাছাই কমিটি গঠন করেছে সরকার। আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে সভাপতি করে কমিটি গঠনের আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্টের বিচারপতি মো. নুরুজ্জামান, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক আবুল ফয়েজ মো. আবিদ, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ।
আদেশে বলা হয়েছে, বাছাই কমিটির উপস্থিত কমপক্ষে তিনজন সদস্যের সিদ্ধান্তের ভিত্তিতে কমিশনার নিয়োগে সুপারিশ দিতে কমিশনারের শূন্য পদের বিপরীতে দুজন ব্যক্তির নামের তালিকা করে রাষ্ট্রপতির কাছে পাঠাবেন।কমপক্ষে চারজন সদস্যের উপস্থিতিতে বাছাই কমিটির কোরাম গঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগ বাছাই কমিটির কার্য-সম্পাদনে সাচিবিক সহায়তা দেবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য, দুদকের কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দিন আহমেদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৫ জুন।দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী, তিনজন কমিশনারের সমন্বয়ে কমিশন গঠিত হয়। তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান হন। কমিশনারদের মেয়াদ পাঁচ বছর। বর্তমানে কমিশনের চেয়ারম্যান হিসেবে রয়েছেন ইকবাল মাহমুদ। অপরদিকে এ এফ এম আমিনুল ইসলাম কমিশনার (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন।
________
patheo24/105


