দেশে আরও ২২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে আরও ২২৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে করোনাভাইরাসের সাথে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। সেই ধারাবাহিকতায় দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানী ঢাকায় ২১১ জন ও ঢাকার বাইরে রয়েছেন ১৩ জন। এ নিয়ে চলতি আগস্টের আট দিনে ১ হাজার ৮৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

রোববার (৮ আগস্ট)স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক (এমআইএস) ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৭ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার ( ৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ২২৪ রোগীসহ চলতি বছর মোট ৪ হাজার ৫৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

এতে আরও বলা হয়, সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন ৯৪৬ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে রাজধানীতে আছেন ৯০০ জন।

বর্তমানে রাজধানী ছাড়া ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪৬ জন রোগী ভর্তি আছেন। তবে সিলেট বিভাগে এখনো কোন রোগী পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *