পাথেয় রিপোর্ট : দ্বীনি ইলম শিক্ষা করার পাশাপাশি দুনিয়াবী প্রয়োজনীয় ইলম শিক্ষা করা বর্তমান সময়ের দাবী বলে মন্তব্য করেছেন ভারতের জামিআতুল হিদায়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মোহাম্মদ ফুরকান আসাদী। তিনি বলেন, দ্বীনি শিক্ষা বোর্ডের প্রত্যেকটা মাদ্রাসায় শিক্ষার্থীদের ইসলামী জ্ঞান শিক্ষার পাশাপাশি তালীম-তারবিয়াত, আদব-আখলাক ও প্রয়োজনীয় দুনিয়বী জ্ঞানও শিক্ষা দেয়া উচিত। যাতে করে আমাদের শিক্ষার্থীরা সমাজের সর্বস্তরে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।
২৮ জুলাই শনিবার ভারতের উত্তর প্রদেশের জামিয়ানগরের প্রসিদ্ধ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হিদায়া মিলনায়তনে দ্বীনি শিক্ষা বোর্ডের একটি আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের শিক্ষার্থীরা শুধু দ্বীনি ইলম অর্জন করছে, কিন্তু তা আমলে পরিণত করছে না। দ্বীন ইলম শিক্ষা করে ওই ইলম আমলে পরিণত না করলে সেই ইলমের কোন মূল্য নেই। অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষকদের নিজ নিজ মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমলের প্রতি উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মাওলানা মূসা কাসিমী বলেন, দ্বীনি ইলম একজন অমানুষকে মানুষ বানানোর সবচেয়ে বড় হাতিয়ার। ভারত স্বাধীনের আগে মুসলমানরা দ্বীনি ইলম শিক্ষা করার সাথে সাথে তা নিজেদের আমলে পরিণত করে নিত কিন্তু এখন দ্বীনি ইলম শিক্ষা করলেও আমাদের শিক্ষার্থীরা এই ইলম অনুযায়ী আমল করছে না।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের অভিবাকদের উদ্দেশ্যে মাওলানা আসাদী বলেন, প্রত্যেকটা শিশুর প্রথমিক শিক্ষা কুরআন শরীফ পড়ানোর দ্বারা শুরু করবে এবং যতা সম্ভব তাকে হাফেজে কুরআন বানানোর চেষ্টা করবে। হাফেজে কুরআন বানানোর পর আপনি ইচ্ছে করলে তাকে আলেম বানাতে পারেন, না’হয় ডাক্তার-ইঞ্জিনিয়ার বানাতে পারেন। তবে আপনার সন্তানকে ইলম ও আমলওয়ালা একজন আলেম বানাতে পারলে সে আপনার জান্নাতে নিয়ে যাওয়ার মাধ্যম হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারী শোয়াইব কাসিমী, মাওলানা মোহাম্মদ হাসানুল হক কাসিমী, কারী মুহাম্মদ শাহ আনওয়ার কাসিমী, মাওলানা ফুরকান আহমদ, মাওলানা মাসঊদ প্রমখ।
অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : ডেইলি হামারা সমাজ
সম্পাদনা : মাসউদুল কাদির


