ধর্ম প্রতিমন্ত্রীর ইন্তেকালে আল্লামা মাসঊদের শোক
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ধর্ম প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, আমার দেখা একজন সহজ ও সরল রাজনীতিবিদ ছিলেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ। ইসলাম ও মুসলিম উম্মাহর এক অকৃত্রিম বন্ধুকে আমরা হারালাম। তিনি নিজে যেমন কওমি মাদরাসায় পড়াশোনা করেছেন, তেমনি মসজিদ, মাদরাসা ও খানকা উন্নয়নে কাজ করেছেন। তিনি নিজেকে মুসলিম উম্মাহর যেকোন সেবায় নিয়োজিত করতে চাইতেন।
আল্লামা মাসঊদ বলেন, গত হজের সফরে সদ্য প্রায়ত শেখ মোহাম্মদ আবদুল্লাহ দেশের শীর্ষ আলেমদের প্রতি নিজের যে আবেগ, আন্তরিকতা, হৃদ্যতা ও ভালোবাসা দেখিয়েছেন, তা এরআগের কোন ধর্ম মন্ত্রী বা ধর্ম প্রতিমন্ত্রী দেখাতে সক্ষম হননি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
ধর্ম প্রতিমন্ত্রী পরিবার-সন্তানসন্ততির প্রতি সমবেদনা জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, মানুষের জন্ম ও মৃত্যু আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। আল্লাহর ইচ্ছাতেই মানুষ তার রবের ডাকে সাড়া দিয়ে চলে যান। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। হাত তুলে মাগফিরাত দুআ করতে হবে।
উল্লেখ্য, কওমী বন্ধু ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


