নির্বাচনি ডামাডোলে সক্রিয় হতে চায় জেএমবি, টার্গেট কিলিংয়ের পরিকল্পনা

নির্বাচনি ডামাডোলে সক্রিয় হতে চায় জেএমবি, টার্গেট কিলিংয়ের পরিকল্পনা

পাথেয় রিপোর্ট : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হামলার পরিকল্পনা নিচ্ছিলো নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। টার্গেট কিলিংয়ের পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলো রাতে। বুধবার রাতে ০৩ জেএমবি সদস্যকে গ্রেফতারের পর এমন তথ্যই বেরিয়ে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার ডিসেম্বর (১২) রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে নিষিদ্ধ জেএমবি’র এই ০৩ সদস্যদের গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম এর স্পেশাল এ্যাকশন গ্রুপ ।

গ্রেফতারকৃতরা হলো- আব্দুল হাকিম, নোমান ও শফি ।এ সময় তাদের হেফাজত হতে ৩০ টি কমান্ডো নাইফ, ০১ টি ডাবল এডজ, ০১ টি মিশেট, ৩০ টি আইইডি কন্টেইনার এবং ১.৫ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয় ।

ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

সিটিটিসি সূত্রে জানা যায়- ১২ ডিসেম্বর ২০১৮ বুধবার রাত ০৮.০০ টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- আব্দুল হাকিম জেএমবি’র কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক প্রধান । ২০১৩ সালে সে জেএমবিতে যোগ দেয় । জেএমবিতে যোগদানের পূর্বে সে ইসলামিক বই-পুস্তক বিক্রি করতো ।

গ্রেফতারকৃত নোমান জেএমবি’র চট্টগ্রাম অঞ্চলের আসকরী (সামরিক ) প্রধান এবং শফি জেএমবি’র আসকরী সদস্য । এদের সকলের বাড়ী কক্সবাজার জেলায় । তারা আসন্ন নির্বাচনে টার্গেট কিলিং এবং থার্টি ফাস্ট নাইটে কক্সবাজারে নাশকতার পরিকল্পনা করছিল।

জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে, নির্বাচনি ডামাডোলের মধ্যে জঙ্গি হামলার মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দিতে আবারও সক্রিয় হয়ে উঠতে চাইছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। বর্তমানে সৌদি আরব ও মালোশিয়া প্রবাসী দুই ব্যক্তির অর্থায়নে জেএমবি তাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছে। তারা এরই মধ্যে সহযোগিতা কার্যক্রমের আড়ালে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে অন্তত ৪০ জন রোহিঙ্গাকে নিজেদের দলে ভিড়িয়েছে। নির্বাচনের সময় ‘টার্গেট কিলিং’ এবং কক্সবাজারে থার্টি ফার্স্ট নাইটের কোনও একটি অনুষ্ঠানে হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের।

জানা যায়, শুধু জেএমবিই নয় বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জঙ্গি সংগঠনগুলোও জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। চলতি মাসেই নিষিদ্ধ ঘোষিত আরেক জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর ঢাকার একাধিক স্থানে প্রকাশ্যে মিছিল করে নির্বাচন ও গণতন্ত্রবিরোধী স্লোগান দিয়েছে ও লিফলেট বিলি করেছে। এছাড়া নিষিদ্ধ ঘোষিত আরেক জঙ্গি সংগঠন আনসার আল ইসলামও টার্গেটেড কিলিংয়ের পরিকল্পনা করছিল। চলতি সপ্তাহে এই সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে, যারা জঙ্গিবাদবিরোধী চলচ্চিত্র পরিচালনা ও অভিনয়ের সঙ্গে যুক্ত খিজির হায়াত খানকে হত্যার পরিকল্পনা করেছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *