পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। প্রধান রাজনৈতিক দলগুলো নিজ নিজ নির্বাচনি ইশতেহার তৈরি করে ফেলেছে। ইশতেহারে বরাবরই দলগুলোর পক্ষ থেকে নানা চমক সৃষ্টির চেষ্টা থাকে। কিন্তু ভোট দেয়ার ক্ষেত্রে নির্বাচনি ইশতাহার সাধারণ ভোটারদের ওপর কতটা প্রভাব ফেলে? এই বিষয়ে জেনে নিন ১১ জন ভোটারের অভিমত-
১. লিয়াকত আলী বাবুল, মুক্তিযোদ্ধা : বাবুল স্বাধীনতার পর থেকে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থীকে৷ তিনি কখনোই দলের কোনো নির্বাচনি ইশতাহার পড়ে দেখেননি৷ তবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলেই তিনি আওয়ামী লীগকে ভোট দেন৷ যুদ্ধাপরাধীদের বিচার করতে পারায় সামনেও তিনি তাদেরই ভোট দেবেন৷
২. আহমেদ দিপু, শিক্ষার্থী : বিশ্ববিদ্যালয় পাস করে বের হওয়া আহমেদ দিপু আগে একবার ভোট দিয়েছেন জাতীয় নির্বাচনে৷ সে সময় যে দলকে ভোট দিয়েছিলেন সেই দলের নির্বাচনি ইশতাহার কী, সেটা জানতেন না৷ পছন্দের দলকেই ভোট দিয়েছিলেন৷ আসন্ন ভোটেও তিনি যে দলকে ভোট দেবেন সে দলের ইশতাহার জানার খুব একটা আগ্রহ তাঁর নেই৷ সিদ্ধান্ত তিনি নিয়েই রেখেছেন৷
৩. নূরে আলম, চাকরিজীবী : বেসরকারি এক প্রতিষ্ঠানে চাকরি করেন নূরে আলম৷ দশম জাতীয় নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে নিজের ভোটই প্রয়োগ করতে পারেননি তিনি৷ তবে তিনি যে দলকে ভোট দেন সে দলের নির্বাচনি ইশতাহার জানার প্রয়োজন কখনোই তিনি মনে করেননি৷
৪. আব্দুল মান্নান, ব্যবসায়ী : আব্দুল মান্নান নির্বাচনি ইশতাহার দেখে কখনো ভোট দেন না৷ বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বলে সারাজীবনই তাঁর দলকে ভোট দিতে চান তিনি৷
৫. সাথী পাল : মানিকগঞ্জের সাথী পাল ভোটের ক্ষেত্রে দলের নির্বাচনি ইশতাহার দেখেন না কখনোই৷ তবে বিভিন্ন সরকারের কাজের মূল্যায়ন করে তিনি ভোটের সিদ্ধান্ত নেন৷
৬. হুমায়ুন কবির, কৃষক : হুমায়ুন কবির এ পর্যন্ত যতগুলো নির্বাচনে ভোট দিয়েছেন তাতে কখনোই ইশতাহার প্রভাব ফেলেনি৷ এমনকি তিনি কখনো ইশতাহার জানতেও চাননি৷ পছন্দের দলকেই ভোট দিয়েছেন সবসময়৷
৭. আনোয়ার হোসেন, পোশাক শ্রমিক : তিনি ভোট দেন দল দেখে, নির্বাচনি ইশতাহার দেখে নয়৷
৮. আব্দুর রশিদ, ক্ষুদ্র ব্যবসায়ী : রশিদ নির্বাচনি ইশতাহার প্রার্থীদের মুখে শুনলেও তিনি তার প্রতিফলন খুব একটা দেখেননি কখনো৷ তাই ভোট দেয়ার ক্ষেত্রে দল ও প্রার্থীই তাঁর কাছে মুখ্য৷
৯. প্রশান্ত বণিক, ব্যবসায়ী : প্রশান্ত বণিক কখনোই কোনো দলের নির্বাচনি ইশতাহার দেখেননি৷ শুরু থেকেই একটি নির্দিষ্ট দলের প্রার্থীকে ভোট দেন তিনি৷ দল ভালো করুক কিংবা খারাপ, ভোট সেই দলকেই দেন তিনি৷
১০. নজরুল ইসলাম : নজরুল ইসলামও ভোট দেয়ার ক্ষেত্রে দলের নির্বাচনি ইশতাহার কখনও দেখেন না৷ পছন্দের দলই তাঁর কাছে মুখ্য বিষয়৷
১১. জহির উদ্দীন, শিক্ষক : নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রধান দু’টি দলের নির্বাচনি ইশতাহার পড়ে দেখেছিলেন স্কুল শিক্ষক জহির উদ্দীন৷ সে মোতাবেক ভোটও দিয়েছিলেন পছন্দের দলকে৷
সুত্র : ডয়েচে ভেলে


