পথে পথে বখাটেদের উৎপাত থামান
অবক্ষয়রোধে সামাজিক প্রতিরোধ প্রয়োজন
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সামাজিক ভিত্তি এ দেশের অনেক বড় সম্পদ। যে সম্পদ আমরা হারাতে বসেছি। কী কারণে সামাজিক-সাংস্কৃতিক অবক্ষয়ের শিকার হচ্ছি আমরা। পথে পথে বখাটেদের উৎপাত। শৃঙ্খলা নষ্ট হচ্ছে প্রতিনিয়ত। নারী-উত্ত্যক্তকরণ, নারী অপহরণ প্রভৃতি অপরাধের ঘটনাও ঘটতে পারে সামাজিক-সাংস্কৃতিক অবক্ষয়জনিত কারণে।
দেশে এমন অবক্ষয়ের স্মারক ঘটনা প্রায়ই ঘটছে এবং দিন দিন ঘটনা বাড়ছে। নারীর ওপর হামলা, দাহ্য বা বিস্ফোরক দ্রব্য ছুড়ে মারা, নারীকে অপহরণের হুমকি দেওয়া বা অপহরণ করা, শারীরিকভাবে লাঞ্ছিত করা ও হত্যা করার খবর প্রতিদিনই পত্রপত্রিকায় দেখতে পাওয়া যায়। এসব ঘটনায় সমাজে প্রতিক্রিয়া হয়, প্রতিবাদ হয় কিন্তু প্রতিকার হয় খুব কম। নানা অবক্ষয় আমাদের অধঃপতনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। দেশের অনেক স্থানে অনেক মেয়ের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে, স্বাধীন চলাচল বন্ধ হয়ে গেছে।
গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, এক বখাটের কারণে পঞ্চগড় জেলার সদর উপজেলার চাকলাহাট বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের এক স্কুলছাত্রীর শিক্ষাজীবন পর্যুদস্ত। তার স্কুলে যাওয়াই বন্ধ হয়ে গেছে। কারণ অচেনা এক বখাটে ফোন করে তাকে তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। ভয়ে প্রায় দুই সপ্তাহ ধরে স্কুলে যেতে পারছে না সে। ছাত্রীর বড় বোনের মোবাইল ফোনে কল করে ও বার্তা পাঠিয়ে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়। আতঙ্কে বাড়ির বাইরে যেতে সাহস পাছে না সে। তার পরিবারও আতঙ্কে রয়েছে।
এ বিষয়ে ছাত্রীর বড় বোন গত সোমবার পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তাতে বলা হয়েছে, তাঁদের বাড়ি চাকলাহাট ইউনিয়নে। তাঁর বোন চাকলাহাট বঙ্গবন্ধু বালিকা উচ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। বাড়ি থেকে স্কুল দুই কিলোমিটার দূরে। মাসখানেক আগে তাঁর মোবাইল ফোনে কল করে ও বার্তা পাঠিয়ে তাঁর বোনকে তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়। কিছুদিন ধরে দু-এক দিন পর পর হুমকি দিছে এক যুবক। তিনি পরিচয় জানতে চেয়েছিলেন, কিন্তু বখাটে যুবক তার পরিচয় দেয়নি। তার কণ্ঠও পরিচিত বলে মনে হয় না। কথা শুনে বোঝা গেছে, সে তাদের পরিবারের সবাইকে চেনে। আশপাশের কেউ হবে বলে তাঁর ধারণা।
প্রদত্ত নম্বর ধরে বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন থানার ওসি। অপহরণ-হুমকির ঘটনা কম নয়, থানায় অভিযোগও কম দায়ের হছে না। পুলিশ প্রতিশ্রুতি দেয় বটে, তবে কাজ হয় কমই। কাজ হলে বখাটেপনা, অপহরণ, ধর্ষণ প্রভৃতি ঘটনা কমত; অথচ ঘটনা বাড়ছে। এসব ঘটনা নারীশিক্ষা, নারীর বিচরণ ও অগ্রগতির বিরোধী এবং দ-নীয় অপরাধ। সারা দেশেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হবে বলেই আমরা আশাবাদি।


