ওয়ার্ল্ড ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে টানাপড়েনের কারণে রাজ্যে উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল (সোমবার) সন্ধ্যায় রাজ্য সচিবালয় ‘নবান্ন’ থেকে বেরনোর সময় তিনি বলেন, নির্বাচনকে মোকাবিলা না করতে পেরে বিরোধীরা নানা অজুহাতে আদালতে চলে যাচ্ছে।
তিনি এ ব্যাপারে সিপিএম, কংগ্রেস ও বিজেপিকে ‘জগাই, মাধাই ও বিদাই’ বলে কটাক্ষ করেন। মমতা বলেন, “তোমরা যদি সত্যি মানুষকে বিশ্বাস করো তাহলে নির্বাচনে যাচ্ছ না কেন? নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকায় নতুন কোনো প্রকল্প করা যাচ্ছে না। একটা অনিশ্চিত অবস্থা সৃষ্টি হয়েছে।”
অন্যদিকে, বিরোধীদের দাবি, রাজ্য প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশনের কাছে সমস্যার সমাধান হচ্ছে না বলেই ‘সুবিচার চাইতে আদালতে যেতে হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের সন্ত্রাস সৃষ্টির ফলে মনোনয়নপত্র জমা দেয়া যাচ্ছে না অভিযোগ করে বিরোধীরা সুপ্রিম কোর্ট ও পরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক পর্যায়ে মনোনয়নপত্র জমা দেয়ার সময় বাড়ানো হলেও কয়েক ঘণ্টার মধ্যেই সেই নির্দেশ প্রত্যাহার করা হল কেন? সেই প্রশ্নও বিরোধীরা তুলেছেন। রাজ্যের শাসক দল ও রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকেও ওই ঘটনায় বিভিন্ন দিনের শুনানিতে আদালতে পাল্টা সাফাই দেয়া হচ্ছে। এসব ঘটনায় নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তোষ প্রকাশ করেছেন।
অন্যদিকে, মনোনয়ন পত্র জমা দিতে গেলে বাধার মুখে পড়তে হচ্ছে অভিযোগ করে বামফ্রন্টের পক্ষ থেকে গতকাল (সোমবার) কোলকাতায় প্রতিবাদ মিছিল করা হয়। একইদিনে কংগ্রেসের পক্ষ থেকেও কোলকাতায় অনশন কর্মসূচি পালন করা হয়েছে।
রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর দাবি, বাংলার গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে ফেলা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দেয়াকে কেন্দ্র করে যে সহিংস তাণ্ডব চলেছে, সেজন্য মুখ্যমন্ত্রীই দায়ী।
এদিকে, বিজেপি ঠিক করেছে, আদালতের রায়ে সমস্যা না মিটলে সন্ত্রাসের ফলে যে সব প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি ও নিগৃহীত হয়েছেন, তাদের কয়েক জনকে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিয়ে গিয়ে সুবিচার চাইবে।
পশ্চিমবঙ্গে আগামী ১, ৩ ও ৫ মে তিন দফায় নির্বাচন হওয়ার কথা। কিন্তু তার আগে বিরোধীরা নানা অভিযোগে আদালতের দ্বারস্থ হওয়ায় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে জটিলতা সৃষ্টি হয়েছে।
সূত্র : পার্সটুডে


