আন্তর্জাতিক ডেস্ক : চলতি মাসেই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগ দিয়ে দেশটির শীর্ষ নেতারা সন্ত্রাসী হামলার হুমকিতে আছেন বলে জানিয়েছে পাকিস্তানের জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী কর্তৃপক্ষ (এনএসিটিএ)। খবর দ্য ডনের।
খবরে বলা হয়, মঙ্গলবার পাকিস্তানের সিনেটের স্বরাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটিকে এনএসিটিএ’র এক কর্মকর্তা দেশের নেতৃবৃন্দের ওপর সন্ত্রাসী হামলার ঝুঁকি সম্বন্ধে জানান। ওই কর্মকর্তার কমিটিকে দেওয়া তথ্য অনুসারে, এখন পর্যন্ত ১২টি সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে। এর মধ্যে হামলার ঝুঁকিতে হচ্ছে ছয়জন বিশেষ ব্যক্তি।
ওই কর্মকর্তা জানান, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) ও ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) এই তথ্য এনএসিটিএ’কে হস্তান্তর করেছে। তিনি ব্যাখ্যা করেন যে, যথাযথ প্রক্রিয়া শেষেই এই হামলার ঝুঁকির জন্য সতর্ক করে দেওয়া হচ্ছে। তিনি বলেন যে, এই হামলার হুমকিগুলো প্রাথমিক পর্যায়ে নেই।


