বাংলাদেশ পর্যটনে পাঁচ ধাপ এগিয়ে
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আরও একধাপ নয় পাঁচধাপ এগিয়েছে বাংলাদেশ। এখন ১২০ নম্বরে এসেছে বাংলাদেশ। এবারই প্রথম এই র্যাংকিংয়ে বাংলাদেশ বড় সাফল্য পেল। আঞ্চলিক বিশ্লেষণে এশিয়া-প্যাসিফিকে বাংলাদেশ নিরাপত্তা ও সুরক্ষায় সবচেয়ে বেশি উন্নতি করেছে।
বিশ্ব অর্থনৈতিক ফোরামের ২০১৯ সালের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভ প্রতিবেদনে এ তথ্যে উঠে এসেছে।
এবারের বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই প্রতিবেদনে পর্যটনের চারটি দিক গুরুত্ব পায়। এগুলো হলো- প্রাকৃতিক ও সাংস্কৃতিক সম্পদ, বিমান পরিবহন পরিকাঠামো, জাতীয় ভ্রমণ ও পর্যটন নীতি এবং উপযুক্ত পরিবেশ (নিরাপত্তা থেকে শুরু করে শ্রমবাজারের স্বাস্থ্যবিধি)।
র্যাংকিংয়ে শীর্ষে আছে ইউরোপের দেশ স্পেন। দুই থেকে দশে স্থান পেয়েছে যথাক্রমে ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা ও সুইজারল্যান্ড।
তালিকায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারত (৩৪), শ্রীলঙ্কা (৭৭), নেপাল (১০২) ওপরের দিকে। বাংলাদেশের নিচে আছে পাকিস্তান (১২১)।
অনুন্নত অবকাঠামো, বায়ুদূষণ ও জলাবদ্ধতা বাংলাদেশের সামগ্রিক পর্যটন আকর্ষণকে ম্রিয়মাণ করে রাখে।
আকাশ পরিবহন অবকাঠামো, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সংস্কৃতি, বাসস্থান, টাকার মান ও ভারসাম্যপূর্ণ ভ্রমণের সুযোগসহ ৯০টি মানদণ্ড বিবেচনা করে ১৪০ দেশের র্যাংকিং করা হয়েছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভ প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক বিশ্লেষণে এশিয়া-প্যাসিফিকে নিরাপত্তা ও সুরক্ষায় সবচেয়ে বেশি উন্নতি করেছে বাংলাদেশ। নিরাপত্তা ও সুরক্ষা বৃদ্ধির ফলে ভ্রমণের জন্য বাংলাদেশ বেশ সুবিধাজনক।


