বাংলাভাষা বৈচিত্র্যও আল্লাহর নিয়ামত : আল্লামা মাসঊদ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: বাংলা ভাষার সৌন্দর্য সুরক্ষার আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ভাষা আল্লাহর অনেক বড় নিআমত। বাংলাও অনেক বড় দান। এই ভাষার জন্য আমাদের দামাল ছেলেরা প্রাণ বিসর্জন দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো আমরা এই ভাষার মান রক্ষা করতে পারছি না। ভাষার সৌন্দর্যকে নষ্ট করছি।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২০) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এই খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, বাংলা ভাষাকে আমরা নানারকম উচ্চারণে বলি। সিলেটের একরকম ভাষা। চট্টগ্রামের একরকম ভাষা। এক দেশেই হরেক রকম ভাষাবৈচিত্র্য। এই বৈচিত্র্যও আল্লাহর দান। ভাষা বৈচিত্র্য কেউ চাইলেই ঠেকিয়ে দিতে পারবে না।
বিভিন্ন দেশের ভাষার বিভিন্নতা একটি বিস্ময় উল্লেখ করে বলেন, ভাষা কাকে বলে? মানের ভাব প্রকাশের মাধ্যমই হলো ভাষা। বিস্ময়কর হলো, এক দেশের একজন মানুষ আরেক দেশের কাউকে খুব বুঝাতে চাইলেও তিনি কিছুই বুঝবেন না যদি ওই দেশের ভাষা জ্ঞান তার না থাকে। আমরা অনেক সময় যে ভাষা জানি না। খুব খেয়াল করেও বুঝতে পারি না। দেখি, কেবল ওই ব্যক্তির ঠোঁট নড়তে থাকে।


