বিশ্বজয়ী চার হাফেজে কুরআনকে সম্মাননা
পাথেয় রিপোর্ট : বিশ্বের দরবারে বিশ্বজয় করে বাংলাদেশের সম্মন যারা বাড়িয়ে দিয়েছেন সেই চার হাফেজে কুরআনকে সম্মানা দিয়েছেন উদ্যোক্তা পটিয়া চট্টগ্রামের তরুণ আলেম মাওলানা মাহমুদ উল্ল্যাহ। সংবর্ধনা পেয়েছেন, হাফেজ নাজমুস সাকীব, হাফেজ জাকারিয়া, হাফেজ তরিকুল ইসলাম ও হাফেজ আব্দল্লাহ আল মামুন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পল্টনের ফুডল্যাব রেস্টুরেন্টে এ সংবর্ধনা প্রদান করা হয়।
হাফেজদের হাতে সম্মানা তুলে দেয়ার আগে মাওলানা মাহমুদ উল্ল্যাহ বলেন, আমার ছোট্ট পরিসর থেকে বিশ্বজয়ী এই হাফেজদের সম্মান জানানোর খুব ইচ্ছে ছিল। আজ আল্লাহ পূরণ করেছেন। আমি খুই ছোট মানুষ, নগন্য মানুষ তবে যারা আজ বাংলাদেশের সম্মানকে বিশ্বে বাড়িয়ে দিয়েছেন তারা দেশের সম্পদ। তাদেরকে রাষ্ট্রীয়ভাবেই সম্মান জানানো উচিত।
আরও বড় পরিসরে সংবর্ধনা আয়োজনের ইচ্ছার কথা ব্যক্ত করে তিনি বলেন, আমার ইচ্ছা আছে চট্টগ্রামে আরও বড় আকারে এ জাতীয় অনুষ্ঠান করার। সেখানে আরও অন্যান্য হাফেজগণও থাকবেন ইনশাআল্লাহ।
প্রধান আলোচনায় বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি, টিভি আলোচক হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, দুঃখের সঙ্গে বলতে হয়, আজ হাফেজ কেবল অর্থের জন্য বিদেশে চলে যাচ্ছে। আমাদের এই মেধা পাচার ঠেকানো উচিত।
বিশেষ অতিথির আলোচনায় মাওলানা সাদিকুর রহমান আল আজহারী বলেন, হাফেজগণ আল্লাহর কাছেই সম্মানিত। দুনিয়ার খ্যাতি বা সম্মান বড় কিছু নয়। বরং আখেরাতের সাফল্যই সবচেয়ে বড় সফলতা।
তিনি হাফেজদের বড় আলেম হওয়ারও আহ্বান জানান।
পাথেয় টোয়েন্টিফোর ডটকম-এর সহযোগী সম্পাদক মাসউদুল কাদির বলেন, হাফেজদের প্রতি মাওলানা মাহমুদ উল্ল্যাহ ভালোবাসা প্রদর্শনের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অনুকরণীয়। হাফেজগণ আল্লাহর মেহমান। প্রত্যেকই তার ভালোবাসা দেখানোর অধিকার রাখেন। ছোট পরিসরে কাজ হলেই বড় পরিসরে যাওয়া যায়। নদীর গন্তব্য কেউ জানে না, সে নিজেই পথ করে নেয়, হাফেজদের সম্মান আল্লাহ দিয়েছেন, তাদের সম্মানের বিষয়টি এভাবেই সমাজে স্থান করে নেবে ইনশাআল্লাহ।
আওয়ার ইসলাম২৪ ডটকম সম্পাদক হুমায়ুন আইয়ুব বলেন, বিশ্বজয়ী হাফেজ এই পরিসরে সংবর্ধনা নাম ব্যবহারের পক্ষে আমি নই। এতে তাদেরকে ছোট করা হয়। সংবর্ধনার আয়োজন হলে আরও বড় পরিসরে করা উচিত।
দৈনিক আমার সংবাদের অনলাইন ইনচার্জ রোকন রাইয়ান বলেন, কাজ হওয়াটাই সবচেয়ে বড় বিষয়। ছোট পরিসরের কাজও ভালো, বড় পরিসরে হলে আরও ভালো।
কলরব শিল্পীগোষ্ঠীর যুগ্ম পরিচালক মুহাম্মাদ বদরুজ্জামান বলেন, হাফেজদের এই সংবর্ধনায় আমরাও সম্মানবোধ করছি।
বিশ্ববিখ্যাত হাফেজ যাকারিয়ার বাবা হাফেজ মাওলানা ফয়েজুল্লাহ বলেন, আমার ছেলেকে কেবল হাফেজ রাখতে চাই না। একজন বিদগ্ধ আলেমও বানাতে চাই। আপনারা আমাদের জন্য দুআ করবেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কলরবের সাংগঠনিক সহকারী পরিচালক মাওলানা সাইদুজ্জামান নুর। এছাড়াও উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মুস্তাফিজুর রহমান, সমাজ সেবক বোরহান উদ্দীন প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাওলানা মাহমুদ উল্ল্যাহ বলেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিলো বিশ্বজয়ী সব কুরআনের পাখিকে একসঙ্গে সম্মাননা দেয়া। আজ এ স্বপ্নের কিছুটা হলেও পূরণ করতে সক্ষম হয়েছি। এ জন্য শুকরিয়া আদায় করছি।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল মুসলিম টিভি।


