মুখে মুখে আসতাগফিরুল্লাহ জপে লাভ নেই : আল্লামা মাসঊদ
পাথেয় রিপোর্ট : মানুষের হৃদয় ঠিক করতে না পারলে সমাজ পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, অন্তরে আসতাগফিরুল্লাহর প্রভাব পড়তে হবে। আসতাগফিরুল্লাহ মানে তাওবার নাম। তওবায় মানুষ পবিত্র হয়।
ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মানুষের অন্তরের কলুষতা কমাতে না পারলে সমাজ কীভাবে ঠিক হবে? কলুষিত হৃদয় পরিচ্ছন্ন করার মাধ্যমেই সমাজকে পরিচ্ছন্ন করা সম্ভব। আমাদের সে দিকেই মনোনিবেশ করা উচিত।
শুক্রবার (০৪ অক্টোবর) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, সবার আগে মানুষের হিংসা বিদ্বেষ দূর করতে হবে। মসজিদের আদব অপরিহার্য বিষয় উত্থাপন করে বলেন, মসজিদে আসার আগেই প্রধান কারণ হলো সবধরনের নাপাকি দূর করে আসা। কেবল বাহ্যিক নাপাকি দূরা করা নয় মানুষের ভেতরকার নেফাকী, নাপাকীও দূর করা উদ্দেশ্যে। মসজিদ পবিত্র জায়গা। এখানে আসার আগে অবশ্যই একজন মানুষকে মনের দিক থেকেও পবিত্র হওয়া উচিত।
শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, এটা খেয়াল রাখা উচিত, এটি আল্লাহর ঘর। এখানে আমাকে আল্লাহর দিকেই মনোযোগী থাকতে হবে। মসজিদকে বাজার ভাবা যাবে না।
হৃদয় পবিত্র করার উপায় বর্ণনা করে আল্লামা মাসঊদ বলেন, কাপড় যেমন সাবান দিয়ে ধৌত করতে হয় তেমনি হৃদয়কেও পরিষ্কার করার নিয়ম আছে। হৃদয়কে পরিষ্কারের নিয়ম হলো খালেস দিলে তাওবা করা। যিনি তওবা করেন তিনি সবচেয়ে দামী হয়ে যান। আল্লাহর নিকট অনুশোচিত হয়ে আসতাগফিরুল্লাহ বলা।
আসতাগফিরুল্লাহ কেবল কোনো জিকির নয় দাবি করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আজকাল আসতাগফিরুল্লাহ আসতাগফিরুল্লাহ বলে জিকির তোলা হয়। বাস্তবতা হলো, আসতাগফিরুল্লাহ হৃদয়কে কলুষমুক্ত করার ঔষধ। মুখে মুখে জপে কী লাভ। যদি অন্তর কলুষমুক্ত না হয় মানুষের ব্যক্তি জীবনে কোনো সফলতা নেই।
পরে শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দেশের বানবাসী ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দাঁড়ানোরও আহ্বান জানান।
গ্রন্থনা : আহমাদ কাশফী
সম্পাদনা : মাসউদুল কাদির


