পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বসবাসযোগ্য বিশ্বের ১৪০টি শহরের মধ্যে রাজধানী ঢাকার অবস্থান ১৩৭ নম্বরে। অর্থাৎ বসবাসের অযোগ্য শহরের দিক থেকে ঢাকার অবস্থান চার নম্বরে।
চলতি বছরের ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের এক জরিপের ফলাফলে এমন তথ্যই উঠে এসেছে। এই জরিপে ঢাকা পেয়েছ ৩৩.০৫ পয়েন্ট।
ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট জানায়, করোনার কারণে জরিপ পরিচালনা করা সম্ভব হয়নি ২০২০ সালে। চলমান এই মহামারিতে এ বছরের তালিকায় বেশ পরিবর্তন এসেছে।
রয়টার্সের খবরে বলা হয়, বসবাসযোগ্য শহরের তালিকায় এবার প্রথম স্থানে রয়েছে অকল্যান্ড, গেলো বছর ছিল ভিয়েনা। অন্যান্য দেশের ক্ষেত্রেও উল্লেখযোগ্য বদল ঘটেছে তালিকার বিভিন্ন পর্যায়ে।

জরিপে গুরুত্ব পেয়েছে ১৪০টি শহরের স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি-পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো। এসব খাতের ওপর পর্যাপ্ত তথ্য সংগ্রহ করে তা পদ্ধতিগতভাবে বিশ্লেষণ করে তালিকাটি তৈরি করা হয়।
এ ক্ষেত্রে চলতি বছর স্থিতিশীলতায় ঢাকা পেয়েছে ৫৫ পয়েন্ট, স্বাস্থ্যসেবায় ১৬ দশমিক ৭, সংস্কৃতি ও পরিবেশে ৩০ দশমিক ৮, শিক্ষায় ৩৩ দশমিক ৩ এবং অবকাঠামোতে ২৬ দশমিক ৮ পেয়েছে এই মেগা সিটি।


