পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তফিসল ঘোষণার পর আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের ঘোষিত তফসিল এক মাস পেছানোর দাবি নিয়ে আলোচনা করতে আজ বুধবার নির্বাচন কমিশনে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা বিকাল সাড়ে ৩টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন।
সাক্ষাতে তাদের ওই দাবির সঙ্গে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা, সারা দেশে গায়েবি হয়রািনমূলক মামলা এবং গ্রেফতার-হয়রানি ছাড়াও ইভিএম ব্যবহার না করার বিষয়ে আলোচনা করবেন নেতারা।
জানা গেছে, ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৩টায় প্রধান নির্বাচন কমিশনার ঐক্যফ্রন্ট নেতাদের সাক্ষাতের সময় দিয়েছেন।
১৩ নভেম্বর মঙ্গলবার রাতে এ বিষয়ে বিস্তারিত অভিযোগ ও দাবির একটি খসড়া প্রস্তুত করা হয়েছে বলেও সূত্র জানিয়েছে। এর আগে নির্বাচন কমিশনে যাওয়ার বিষয়টি অবহিত করার জন্য মঙ্গলবার দুপুরে একটি চিঠি নিয়ে ফ্রন্টের নেতা শহীদ উদ্দিন মাহমুদ স্বপন নির্বাচন কমিশনে যান। চিঠিতে নির্বাচনের বিবিধ বিষয়ে আলোচনা করার জন্য বুধবার সময় চান তারা।
এদিকে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে একাদশ জাতীয় নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে আগামী শুক্রবার জাতীয় সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নেয়া হয়।ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনসহ নেতারা এ মতবিনিময়সভায় উপস্থিত থাকবেন। জানা গেছে এরপরে ইলেকট্রনিক মিডিয়ার প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন ফ্রন্ট নেতারা। তবে এ মতবিনিময়সভার দিনক্ষণ নির্ধারণ করা হয়নি।
এ ছাড়া মঙ্গলবার নির্বাচনী ইশতেহার তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ ও ঐক্যফ্রন্টের ১১ লক্ষ্য সামনে রেখে আগামী নির্বাচনী ইশতেহার তৈরি করবে এ কমিটি। ওই বৈঠকে দেশের রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ সম্পর্কে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সূত্র জানায়, নির্বাচনী ইশতেহার তৈরির কমিটিতে বিএনপি থেকে সিনিয়র সাংবাদিক মাহফুজউল্লাহ, গণফোরাম থেকে আ ও ম শফিকউল্লাহ, জেএসডি থেকে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, কৃষক-শ্রমিক-জনতা লীগের ইকবাল সিদ্দিকী, নাগরিক ঐক্য থেকে ডা. জাহেদ-উর রহমান রয়েছেন। আর এই কমিটির মূল দায়িত্বে থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, একাদশ জাতীয় নির্বাচন এক মাস পিছিয়ে দেয়া অত্যন্ত জরুরি।
আশা করব, নির্বাচন কমিশন ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে আলাপ করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। তফসিলের তারিখ আর পেছানো হবে না-প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সিইসি স্পষ্ট করে বললে তো হবে না।
সিইসি তো সব একাই বলে যাচ্ছেন। কেন নির্বাচনের তফসিল আবারও পেছানোর দাবি তা ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, যে সময় তফসিল ঘোষণা করা হয়েছে, সেই সময়টিতে বড়দিনের ছুটি থাকে।


