ব্র্যাক শিক্ষার্থীদের ফের অবস্থান কর্মসূচি

ব্র্যাক শিক্ষার্থীদের ফের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক ● ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে আগের রাতে আন্দোলন স্থগিতের ঘোষণা দিলেও রেজিস্ট্রারের অব্যাহতির দাবিতে আবারও অবস্থান কর্মসূচি শুরু করেছে শিক্ষার্থীরা। শুক্রবার সকালে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দুটি কোর্সের পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষার্থীরা তাতে অংশ না নেয়ার কথা জানিয়েছেন।

আন্দোলনকারীদের মুখপাত্র কামরুন নাহার ডানা বলেন, শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে বৃহস্পতিবার রাতে অনশনকারীরা অনশন স্থগিত করেন। কিন্তু তখন সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হয়নি। সাধারণ শিক্ষার্থীদের দাবি অনুযায়ী রেজিস্ট্রারকে তদন্ত চলাকালে কাজ থেকে অব্যাহতির আনুষ্ঠানিক ঘোষণা না দেয়ায় শুক্রবার তারা ফের অবস্থান কর্মসূচি শুরু করেছেন এবং পরীক্ষা বর্জন করছেন বলে জানান ডানা। বলেন, আমরা বলেছিলাম, সুষ্ঠু তদন্তের স্বার্থে রেজিস্ট্রার তার পদে থাকতে পারবেন না। ভার্সিটি থেকে এখনো কোন পাবলিক অ্যানাউন্সমেন্ট দেয়া হয়নি। আবার ছাত্রছাত্রীদের বাড়িতে ফোন দিয়ে হেনস্থা না করারও কোনো পাবলিক অ্যানাউন্সেমেন্টও আসেনি।

রেজিস্ট্রার মুহাম্মদ শাহুল আফজালের অধীনে কোনো পরীক্ষা না দেয়ারও ঘোষণা রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের। আইন বিভাগের চুক্তিভিত্তিক শিক্ষক ফারহান উদ্দিন আহমেদ গত রোববার রেজিস্ট্রারসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলার পর থেকে রাজধানীর মহাখালীতে এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা চলছে। শিক্ষক লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভের মধ্যেই গত মঙ্গলবার শিক্ষার্থীদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলার ঘটনা ঘটে। এর বিচারের দাবিতে বৃহস্পতিবার শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করলে আন্দোলনে নতুন মাত্রা পায়।

রোববার থেকে ক্লাসের পাশাপাশি পরীক্ষাও বর্জনের ডাক আসে শিক্ষার্থীদের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিক্ষোভের মুখে বুধ ও বৃহস্পতিবারের ক্লাস বন্ধ ঘোষণা করলেও পরীক্ষা চালানোর কথা ছিল। উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীদের সামনে এসে সব অভিযোগের তদন্ত করার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সামিয়া হক। এরপর ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন স্থগিতের ঘোষণা আসে শিক্ষার্থীদের পক্ষ থেকে। কিন্তু শুক্রবার সকালে শতাধিক শিক্ষার্থী আবারও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের মুখপাত্র কামরুন নাহার ডানা বলেন, এই রেজিস্ট্রারকে দায়িত্ব থেকে অব্যাহতিসহ সব দাবি মেনে নেয়ার দাবি আমরা জানাচ্ছি। সে বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *