মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের রক্তদানের আহ্বান আল্লামা মাসঊদের
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বৈদ্যুতিক সর্ট সার্কিট ও পাইপলাইনের ফুটো থেকে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চিকিৎসাধীনদের স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতের এই ঘটনায় অগ্নিদগধ অর্ধ শতাধিক ব্যক্তির অধিকাংশকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং তাদের রক্তের প্রয়োজন বলে জানানো হচ্ছে। তাই সর্বস্তরের জনগণকে স্বেচ্ছায় রক্তদান মতো মানবিক কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানাই।
শনিবার (৫ সেপ্টেম্বর) নিজ বাসবভন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এ আহ্বান জানান।
বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, ইসলাম মানবতার ধর্ম, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব কল্যাণের প্রত্যেকটি বিষয় এখানে গুরুত্বের সঙ্গে আলোকপাত করা হয়েছে; নির্দেশনা দেওয়া হয়েছে সঠিক পথের। আর আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে এসে দগ্ধ হয়ে যারা এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তারা সুস্থতার জন্য স্বেচ্ছায় রক্তদান আমাদের ঈমানী দায়িত্বের মধ্যে পড়ে।
এদিকে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল ও ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল মাওলানা সদরুদ্দীন মাকনুনের তত্বাবধানে জামিআ ইকরা বাংলাদেশ শিক্ষক ও শিক্ষার্থীদের একটি গ্রুপ ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রক্তদানের উদ্দেশ্যে যাবে বলে জানা যায়।
তাদের এই গ্রুপে যে কেউ যুক্ত হতে পারবেন বলেও জানিয়েছেন মাওলানা সদরুদ্দীন মাকনুন। এই গ্রুপে যুক্ত হতে প্রয়োজনে যোগাযোগ করুন- ০১৯৩১১৩৫১২৮, ০১৭২৩১৬১৭৫৯ এই নাম্বারে।


