মাদরাসায় আর্থিক সহায়তা দেয়ায় প্রধানমন্ত্রীকে আল্লামা মাসঊদের কৃতজ্ঞতা

মাদরাসায় আর্থিক সহায়তা দেয়ায় প্রধানমন্ত্রীকে আল্লামা মাসঊদের কৃতজ্ঞতা

মাদরাসায় আর্থিক সহায়তা দেয়ায় প্রধানমন্ত্রীকে আল্লামা মাসঊদের কৃতজ্ঞতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈশ্বিক মাহামারি করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে পবিত্র রমজান উপলক্ষে দেশের ৬ হাজার ৯৫৯ কওমি মাদরাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

প্রধানমন্ত্রীর ভূয়সি প্রশংসা করে তিনি বলেন, করোনাক্রান্তিকালে নজিরবিহীন আর্থিক সংকটে পড়া বেসরকারি অনুদানে পরিচালিত কওমি মাদরাসাগুলোর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তার ধার্মিকতা ও উলামায়ে কেরামের প্রতি তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন। আমি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন  জানাই।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে বিবৃতি দিয়ে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এই খলীফা এসব কথা বলেন।

সরকারের কাছ থেকে আর্থিক সহায়তার পরিমাণ আরো বেশি হলে মাদরাসাগুলো অনেক উপকৃত হতো জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, বাংলাদেশে কওমি মাদরাসার সংখ্যা অনেক। ছোট-বড় প্রায় সব মাদরাসারই সহায়তা প্রয়োজন। এজন্য মাদরাসাগুলোর প্রতি আরো একটু উদার, মহানুভব ও সহমর্মি হলে মাদরাসাগুলো উপকৃত হবে। মাদরাসার দুরবস্থার কথা একটু চিন্তা-ভাবনা করে পুনরায় সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার বিনীত আহ্বান জানাই।

এদিকে কওমি মাদরাসার রংপুর বিভাগীয় সমন্বয়কারী ও আল জামিয়াতুল কারিমিয়া নুরুল উলুম মাদ্রাসার সহ-অধ্যক্ষ মাওলানা মো. ইউনুস আলী অনুদানের চেক হাতে পাওয়ার পরে বৃহস্পতিবার বিকেলে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আগের বারের মতো, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এবারো দেশের মাদ্রাসাগুলোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যা আমাদের মনোবলকে চাঙ্গা করেছে।’

তিনি বলেন, ‘রংপুর বিভাগের মোট ৭০৩ টি মাদ্রাসা ইতোমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে অনুদান পেয়ে গেছে। আমরা প্রধানমন্ত্রীর দীর্ঘজীবন ও সুস্বাস্থ্য কামনা করছি এবং প্রার্থনা করি যাতে দ্রুত কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’

কওমি মাদরাসাগুলোকে আর্থিক সহায়তা দেয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করে খুলনা দারুল উলুম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও খুলনা কওমি উলামা পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাসেমী বলেন, মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নের জন্য এটি প্রধানমন্ত্রীর এক মহৎ দৃষ্টিভঙ্গি। এটি কেবল বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের জন্য একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের সেবায় নিজেকে নিবেদিত করেছেন উল্লেখ করে কাসেমী বলেন, অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তাদের কেউই বর্তমান প্রধানমন্ত্রীর মতো ইসলামের সেবা করেননি। তিনি প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, প্রধানমন্ত্রী তাঁর পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদচিহ্ন অনুসরণ করে ইসলামের সম্প্রসারণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন।

উল্লেখ, প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র জানায়, এ অর্থ ইতোমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। সূত্র জানায়, এর মধ্যে রংপুর বিভাগে ৭০৩, রাজশাহী বিভাগে ৭০৪, খুলনা বিভাগে ১ হাজার ১১, বরিশাল বিভাগে ৪০২, ময়মনসিংহ বিভাগে ৩৯৭, ঢাকা বিভাগে ১ হাজার ৭৮০, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৪৮১ এবং সিলেট বিভাগে ৪৮১টি মাদ্রাসা রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *