মুজিববর্ষকে ব্রিটিশ হাইকমিশনারের স্বাগত জানালেন
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন সরকার ঘোষিত মুজিববর্ষকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে সবাইকে নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন থেকে ভিডিও বার্তায় মুজিববর্ষকে স্বাগত জানানোর পাশাপাশি পাকিস্তান থেকে মুক্তির পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুর লন্ডন সফর স্মরণ করেন ব্রিটিশ হাইকমিশনার।
ভিডিও বার্তায় রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ‘সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার হিসেবে আমি ইউকে-বাংলাদেশ বন্ধুত্বের একটি ঐতিহাসিক ঘটনার কথা স্মরণ করে মুজিববর্ষকে স্বাগত জানাচ্ছি।’
এরপর ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ শেষে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে আসার পথে যুক্তরাজ্য সফর করেছিলেন। ৮ জানুয়ারি রাতে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার অ্যাডওয়ার্ড হিথের সঙ্গে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বৈঠক করেছিলেন। লন্ডনে বঙ্গবন্ধুর এ সফর যুক্তরাজ্য ও বাংলাদেশের মানুষের বন্ধুত্ব ও অংশীদারিত্বের ভিত্তি।’
ব্রিটিশ হাইকিমশনার বলেন, ‘বঙ্গবন্ধুর লন্ডন সফরের দুদিন পর ব্রিটিশ রয়েল এয়ারফোর্সের একটি বিমানে বঙ্গবন্ধু ঢাকায় আসেন। তখন মানুষ অধীর আগ্রহে বঙ্গবন্ধুর জন্য অপেক্ষা করছিল।’
ডিকসন বলেন, ‘আমি আনন্দিত ১০ জানুয়ারি মুজিববর্ষ উদ্বোধন করতে ঐতিহাসিক সেই ঘটনা পুনরায় প্রণয়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আমি এ পুনঃপ্রণয়ন দেখার প্রত্যাশা করছি।’


