রমজানের প্রস্তুতি নেয়ার আহ্বান আল্লামা মাসঊদের

রমজানের প্রস্তুতি নেয়ার আহ্বান আল্লামা মাসঊদের

রমজানের প্রস্তুতি নেয়ার আহ্বান আল্লামা মাসঊদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র রমজান মাসের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, রমজানের পূর্বাভাস নিয়ে হাজির হয়েছে রজব মাস। দিকে দিকে ছড়িয়ে পড়ছে রমজানের আগমনী বার্তা। এখন থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে। প্রতিটি মুসলমানের উচিত নিজেদের আল্লাহর কাছে নিবেদন করতে রমজানের আগেই যথাযথ প্রস্তুতি গ্রহণ করা।

আল্লামা মাসঊদ বলেন, রমজানের সিয়াম-সাধনায় নিজেদেরকে শারীরিক আত্মিক ও মানসিকভাবে প্রস্তুতির জন্য দিক-নির্দেশনা দিয়েছেন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রজব মাস আসলেই নবীজী (সা.) নিজেই প্রস্তুতি গ্রহণ করতেন। ইবাদত-বন্দেগিসহ সব কাজেই পরিবর্তন পরিলক্ষিত হতো। মহান আল্লাহ তাআলাও আমাদেরকে রজব মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি করে রমজানের প্রস্তুতি গ্রহণ করার তাওফিক দান করুন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২০) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.)-এর এই খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।

হারাম উপার্জন আল্লাহ সব ধরনের বরকত ছিনিয়ে নেন উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, হালাল উপার্জন ব্যক্তি ও সমাজ জীবনে যেমন বিরাট নেয়ামত, ঠিক তেমনি হারাম উপার্জনের প্রভাব অত্যন্ত মারাত্মক। হারাম উপার্জনের ফলে আল্লাহ তায়ালা মানবজীবন থেকে সব ধরনের বরকত ছিনিয়ে নেন। রোগ-ব্যাধি ছড়িয়ে পড়ে।

শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, রমজানে সবচেয়ে বেশি দৃষ্টি রাখতে হবে হালাল রিজিকের প্রতি। আর এ জন্য প্রয়োজন হালাল উপার্জন করা। অন্তত একটি মাসে হালাল রিজিকের প্রতি যত্নবান হোন। এ মাসে যে খাবারটা মুখে যাবে, তা হালাল হওয়া চাই। এমন যেন না হয় যে, রোজা তো রেখেছি আল্লাহর জন্য, কিন্তু ইফতার করছি হারাম দিয়ে। অনেক মানুষ আছেন, যাদের আয়ের উৎস মূলত হারাম নয়, কিন্তু যত্নবান না হওয়ার কারণে হারামের সংমিশ্রণ হয়ে যায়। তাদের যত্নশীল হতে হবে।

আল্লামা মাসঊদ বলেন, সর্বদা হালাল রুজি অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। কেননা তা মানুষকে ধার্মিক হিসেবে বাঁচতে সাহায্য করে। রমজান মাসের আগেই হারাম উপার্জনে থেকে বাঁচার কথা বলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *