পাথেয় রিপোর্ট : রাজধানীর রায়েরবাগ বাসস্ট্যান্ডে ইফতারের আগমুহূর্তে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা কদমতলী থানা শাখা। ‘রমজানে দূ্রত্ব ভুলে কাছে টানুন’। ‘আলোকিত সমাজ গড়ি, আলিম জনতা ঐক্য করি’— স্লোগানকে সামনে রেখে পুরো রমজানজুড়ে পথ ইফতারের আয়োজন করেছে জমিয়তের এ থানা শাখাটি।
শনিবার (১১ মে) বাংলাদেশ জমিয়তুল উলামা কদমতলী থানা শাখা-এর সভাপতি মাওলানা শোয়াইব আহমাদ পাথেয় টোয়েন্টিফোর ডটকম-কে জানান, কদমতলী থানা শাখা-এর উদ্যোগে শুরু হয়েছে আমাদের এই ইফতার বিতরণ কার্যক্রম। দ্বিতীয় রোজা থেকেই রায়েরবাগ বাসস্ট্যান্ডে ইফতারের আগমুহূর্তে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছি আমরা। প্রতিদিন আসরের পরই জমিয়ত কর্মীরা বসে যান ফিল্টারে ভরা বিশুদ্ধ পানি, বাক্স ভরা খেজুর এবং কিছু ইফতার সমগ্রী নিয়ে।
তিনি বলেন, ইফতারের সময় হলে পথচারীদের ধনি, গরিব, বৃদ্ধ, সারাদিন পরিশ্রমে নুইয়েপড়া সাধারণ মানুষগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলে আমাদের এখানে এসে। তাদের মুখে সামান্য ইফতার তুলে দিতে পেরে আমরা আনন্দিত।
মাওলানা শোয়াইব বলেন, গতবছরও (২০১৮) আমরা এই পথ ইফতারের আয়োজন করেছিলাম। এই বছরও করেছি আলহামদুলিল্লাহ। তিনি বলেন, বর্তমানে অনেকেই নানা কারণে ইফতারের আগে বাসায় পৌঁছতে পারে না। ফলে পথেই তাদের ইফতারের সময় হয়ে যায়। আর আমাদের সমাজে পথচারীদের জন্য ইফতারের ব্যবস্থা থাকে না। পথচারী রোজাদারের মুখে মুখে ইফতার তুলে দিতেই আমাদের এই আয়োজন।
প্রসঙ্গত, প্রথম রোজা থেকেই রাজধানীর হাজীপাড়া ডিআইটি রোডে ইফতারের আগমুহূর্তে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ জমিয়তুল উলামা কেন্দ্রীয় শাখা।
বাংলাদেশ জমিয়তুল উলামার ঢাকা মহানগরীর সেক্রেটারি ও আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের প্রেসিডেন্ট মাওলানা সদরুদ্দীন মাকনুন জানান, বাংলাদেশ জমিয়তুল উলামা সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। শুধু এখানেই নয় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আমরা পথচারীদের মাঝে ইফতার বিতরণের এই আয়োজন করেছে জমিয়ত। তিনি বলেন, পুরো রমজান মাসজুড়ে আমাদের এই পথ ইফতার কার্যক্রম চলবে।
মাওলানা সদরুদ্দীন মাকনুন বলেন, গতবছর (২০১৮) থেকে বাংলাদেশ জমিয়তুল উলামার এই কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ পথচারীদের মাঝে এই ইফতার কার্যক্রমের শুভ সূচনা করেছিলেন। আমাদের এই কার্যক্রম সামনের রামজানগুলোতেও থাকবে ইনশাআল্লাহ।


