রাজধানীতে বৃহত্তম জামে মসজিদ উদ্বোধন

রাজধানীতে বৃহত্তম জামে মসজিদ উদ্বোধন

রাজধানীতে বৃহত্তম জামে মসজিদ উদ্বোধন

পাথেয় রিপোর্ট : রাজধানীর বেরাইদ পূর্বপাড়া জামে মসজিদের উদ্বোধন করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আলহাজ আহমেদ আকবর সোবহান।উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য আলহাজ এ কে এম রহমত উল্লাহ ও বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান।

শুক্রবার এই মসজিদে শাইখ মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানীর ইমামতিতে জুমার নামাজ আদায় শেষে এর শুভ উদ্বোধন করেন আলহাজ আহমেদ আকবর সোবহান।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ এ কে এম রহমত উল্লাহ, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলহাজ ফারুক আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আলহাজ আহমেদ আকবর সোবহান বলেন, ‘আজ থেকে ৩০ বছর আগে বসুন্ধরার পথচলা শুরু হয়। সেদিন থেকে আজ পর্যন্ত নীরবে সব ধরনের সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন আলহাজ এ কে এম রহমত উল্লাহ। আমি তাঁকে বলেছি, আপনার যেকোনো ভালো কাজে আমাকে সহযোগী রাখবেন। তিনি অত্যন্ত দানশীল ব্যক্তি। তিনি ইতিমধ্যে একজন সৎ, যোগ্য এমপি হিসেবে সারা বাংলাদেশে পরিচিত হয়েছেন। এই এলাকার মানুষের গর্বের ব্যাপার যে তাঁর মতো একজন এমপি পেয়েছেন। বেরাইদ ও বসুন্ধরার আজকের যে উন্নতি তা এই ভালো মানুষটি থাকার কারণেই সম্ভব হয়েছে।’

তিনি মসজিদ নির্মাণ প্রসঙ্গে বলেন ‘আমি অত্যন্ত আনন্দিত যে বেরাইদে এত সুন্দর একটি মসজিদ হয়েছে। শুনেছি যে এই মসজিদের ফাউন্ডেশন দশ তলা হয়েছে। আমি কথা দিচ্ছি, যখন যে ফ্লোর হবে সেই ফ্লোরের সঙ্গে আমার সাহায্য-সহযোগিতা থাকবে। আস্তে আস্তে মুসল্লির সংখ্যা বাড়লে ফ্লোরও বাড়াতে হবে। ইনশাআল্লাহ এই মসজিদ দশ তলা হবে।’

বেরাইদবাসী সম্পর্কে তিনি বলেন, ‘বেরাইদবাসী আমাদের অনেক সহযোগিতা করেছেন। যে জন্য এখানে একটা সুন্দর শহর গড়ে উঠেছে। আমি চেষ্টা করব বেরাইদবাসীর পাশে আজীবন থাকতে। আপনারা সবাই দীর্ঘায়ু হোন। এই বেরাইদের প্রাণ বলতে গেলে আলহাজ এ কে এম রহমত উল্লাহ। তিনিও দীর্ঘায়ু হোন, যাতে তিনি দেশের জন্য অনেক কিছু করে যেতে পারেন। ইনশাআল্লাহ তাঁর সেবা আমরা আজীবন চাইব, বেরাইদবাসী চাইবে, বসুন্ধরাবাসী চাইবে। বাংলাদেশের মানুষ চায়, তাঁর মতো মানুষ সারা দেশের সেবা করুক। সব শেষে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদের জন্যও আপনারা দোয়া করবেন। আশা করি, মাঝে মধ্যে এই মসজিদে এসে আমি জুমার নামাজ পড়তে পারব।’

আলহাজ এ কে এম রহমত উল্লাহ এমপি বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আলহাজ আহমেদ আকবর সোবহান সারা বাংলাদেশের প্রিয়, পরিচিত। তিনি যেভাবে তাঁর বক্তৃতায় আমার ব্যাপারে বলেছেন, সে জন্য আমি তাঁর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমি আশা করি, এই মসজিদের সঙ্গে যেভাবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান জড়িত, তেমনিভাবে তিনি বেরাইদবাসীর সঙ্গেও জড়িত থাকবেন। আমি বেরাইদবাসীর কাছেও কৃতজ্ঞ। কারণ যখন আমি এমপি বা চেয়ারম্যান ছিলাম না তখনও তারা আমাকে সম্মান দিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে মৃত্যুর আগ পর্যন্ত আমি নিঃস্বার্থভাবে আপনাদের সেবা করে যেতে পারি।’

দৃষ্টিনন্দন এই বেরাইদ পূর্বপাড়া জামে মসজিদটি ইতিমধ্যে তিনতলা পর্যন্ত নির্মিত হয়েছে। দুটি সুউচ্চ মিনার এবং একাধিক গম্বুজ মসজিদের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে তুলেছে। মসজিদে প্রবেশের জন্য রয়েছে বৃহৎ আকারের সিঁড়ি। মসজিদটির নিচতলা ও দোতলায় পুরুষ এবং তৃতীয় তলায় মহিলাদের নামাজের স্থান। বর্তমানে এই মসজিদে সাত থেকে আট হাজার মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবে বলে সংশ্লিষ্টরা জানান। মসজিদটি নির্মিত হওয়ায় বেরাইদবাসী মসজিদ নির্মাণে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *