ডিস্ট্রিক করেসপন্ডেন্ট • বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকারের যে আন্তরিকতা সেটি এখন আমরা দেখছি না। আমরা আগেও বলেছি রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় একটি জাতীয় ঐক্য গঠন করে এ বিষয়ে নিজেদের শক্তিশালী করে যে দেশগুলো এখন পর্যন্ত মিয়ানমারকে সমর্থন দিচ্ছে তাদেরকে বুঝানো উচিত সরকারের। বুধবার সকালে উখিয়ার কুতুপালং ও বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।
বিএনপির মহাসচিব বলেন, এখানে সেনাবাহিনী আছে বলে শৃঙ্খলা ফিরেছে। রোহিঙ্গা ক্যাম্পে এখনো পর্যন্ত কোনো স্যানিটেশনের ব্যবস্থা, বিশুদ্ধ পানির সংকট, আবাসন ব্যবস্থা গড়ে উঠেনি।
মীর্জা ফখরুল বলেন, রোহিঙ্গা পরিস্থিতি খুবই ভয়াবহ। এ রকম মানবিক বিপর্যয় আমি কম দেখেছি। যারা প্রাণভয়ে পালিয়ে আসছে তাদের কুটনৈতিক তৎপরতার মধ্যদিয়ে এসব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে বাধ্য করতে হবে। রোহিঙ্গাদের সম্মানের সাথে মিয়ানমারে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরওযার, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি,মৎস্যজীবী সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফর রহমান কাজন, জেলা বিএনপির সভাপতি শাহাজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা সপ্না ও দফতর সম্পাদক ইউছুপ বদরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


