শনিবার ব্যাংক খোলা

শনিবার ব্যাংক খোলা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হজ ব্যবস্থাপনার সুবিধার্থে আগামীকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনে বাণিজ্যিক ব্যাংকগুলোর কিছু শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ নির্দেশ অনুসারে সারাদেশে হজ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা বা উপশাখা পূর্ণ দিবস খোলা রাখতে হবে।

এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠায়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সাথে সম্পর্কিত ব্যাংকের সংশ্লিষ্ট শাখা/উপশাখাসমূহ সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে শনিবার সাপ্তাহিক ছুটির দিন পূর্ণদিবস খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশ জারি করা হলো বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে শনিবার ব্যাংকের শাখা খোলা রাখার অনুরোধ জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এ বিষয়ে অনুরোধ জানিয়ে গত বুধবার ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ-সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি চিঠি দেন।

ওই চিঠিতে তিনি বলেন, সৌদি সরকার বাংলাদেশ থেকে নির্ধারিত হজ কোটার অতিরিক্ত ২৪১৫ জনকে হজের অনুমতি দিয়েছে। তাদের হজের আনুষাঙ্গিক অর্থ সৌদি আরবে পাঠানোর কাজ চলমান আছে। ফলে শনিবার ছুটির দিনেও ব্যাংক খোলা রেখে টাকা পাঠানোর কাজ অব্যাহত রাখতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *