‘শারীরিক পরিবর্তন মৃত্যুর সতর্কবার্তা’
পাথেয় রিপোর্ট : মানুষের শারীরিক পরিবর্তন মৃত্যুর সতর্ক বার্তা মন্তব্য করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, মানুষের বয়স বড়ার সাথে সাথে শরীরিক পরিবর্তন আসে। বয়স যত বাড়ে মৃত্যু তত নিকটবর্তী হয়। শারিরীক পরিবর্তন মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়া, মৃত্যু নিকটবর্তী জানান দেয়।
বয়স বাড়ার সাথে সাথে ইবাদতের পরিমাণ বৃদ্ধি করার উচিৎ উল্লেখ করে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র তাঁর ইবাদত করার জন্য। ইবাদত করা, আল্লাহর হুকুম পালন করা বান্দার দায়িত্ব। বয়স বাড়রা সাথে সাথে মৃত্যু নিকটবর্তী হয়। মৃত্যুর ভয়ে হলেও বয়স বাড়ার সাথে সাথে ইবাদতের পরিমাণ বৃদ্ধি করা উচিৎ।
শুক্রবার (২৮ জুন ২০১৯) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
আল্লাহর অস্তিত্ব অস্বীকারকারীই সবচেয়ে বড় অকৃতজ্ঞ জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, আল্লাহ তাআলা মানুষের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, আশ্রয়দাতা, সম্মানদাতা। আল্লাহই মানুষের সব। তারপরেও যারা আল্লাহ অস্থিত্ব অস্বীকার করে তারাই পৃথিবীর সবচেয়ে বড় অকৃতজ্ঞ এবং নির্লজ্জ।
আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, প্রকৃতপক্ষে মূর্খরাই আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে, নিজেদের জ্ঞানী মনে করে। আর জ্ঞানীরা আল্লাহ হুকুম আহকাম পালন না করলেও আল্লাহর অস্থিত্ব স্বীকার করে। আল্লাহকে সৃষ্টিকর্তা বিশ্বাস করে।
মসজিদে উপস্থিত মুসাল্লীদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার পাশাপাশি ইবাদতের পরিমাণ বৃদ্ধি করার আহ্বান জানান আল্লামা মাসঊদ।


