পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলেই এখন তীব্র শীতের মৌসুম চলছে। কোন কোন দেশে তাপমাত্রা হ্রাস পেয়ে তুষারপাতে জমে গেছে চারিপাশ। এই তীব্র প্রতিকূল আবহাওয়ায় আমাদের উচিত আল্লাহমুখী হওয়া ও পরস্পরকে সহযোগিতা করা। পারস্পরিক সহায়তার মাধ্যমে আমরা শুধু অন্যের উপকারই করবো না, বরং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও অশেষ পূণ্য অর্জন করতে সক্ষম হব। নিম্নে এমনই ছয়টি কাজের উল্লেখ করা হল, যার মাধ্যমে আমরা অন্যান্য সময়ের মত শীতের প্রতিকূল সময়ে আল্লাহর সন্তুষ্টি ও পূণ্য অর্জনের পাশাপাশি অন্যকেও সাহায্য করতে পারি।
১. দীর্ঘ রাত ও ছোট দিনটিকে কাজে লাগান
আবু সাঈদ খুদরি রা. থেকে বর্ণিত, রাসূল সা. বলেন, ‘শীতকাল হচ্ছে মুমিনের বসন্তকাল।’ (মুসনাদে আহমাদ : ১১৬৫৬)। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, শীতকালকে স্বাগতম । এ সময় (আল্লাহর পক্ষ থেকে) বরকত নাযিল হয়। রাত হয় লম্বা। তাই তাহাজ্জুদ পড়া সহজ। দিন হয় ছোট। তাই রোযা রাখা সহজ। (লাতা-ইফুল মাআরিফ, আল্লামা ইবনে রজব) তাই আমাদের উচিত দীর্ঘ রাতের একটি অংশে আল্লাহর সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরির উপায় হিসেবে নামাযে দাঁড়ানো এবং দিনে রোযা রাখা।
২. আল্লাহর শোকর আদায় করুন
তীব্র শীতে আপনার জন্য আল্লাহ উষ্ণতার ব্যবস্থা করে দিয়েছেন, সুস্থ থাকার মত প্রয়োজনীয় ব্যবস্থা আপনার জন্য নির্ধারণ করেছেন, এজন্য আল্লাহর শোকর আদায় করুন। আল্লাহর শোকর আদায়ের মাধ্যমে আপনি বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহর নিকটতর হওয়ার সুযোগ গ্রহণ করতে পারেন।
৩. প্রতিবেশীর খবর রাখুন
তীব্র শীতে আপনার প্রতিবেশীর প্রয়োজন সম্পর্কে খোঁজ রাখুন। তাদের কোন প্রয়োজন থাকলে আপনার সাধ্যমত তা পূরণের চেষ্টা করুন। কেউ অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করুন।
৪. বয়স্ক ব্যক্তিদের সহযোগিতা করুন
শীতে বয়স্ক ব্যক্তিদের জন্য চলাফেরা, কাজকর্ম একটু কষ্টকর। অনেক কাজই তারা স্বাভাবিকভাবে করতে পারেন না। তাদের কাজে ও চলাফেরায় সহযোগিতার মাধ্যমে আমরা তাদের উপকারের পাশাপাশি নিজেরাও সওয়াব অর্জন করতে পারি।
৫. দরিদ্র ও গৃহহীনদের সাহায্য করুন
আমাদের চারপাশেই অনেক দরিদ্র ব্যক্তি রয়েছে, যাদের শীতের প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা পেতে উপযুক্ত কোন ব্যবস্থা নেই। এছাড়া গৃহহীন অনেক লোক শীতে প্রচন্ড কষ্ট করছে। তাদেরকে শীতের তীব্রতা থেকে বাঁচাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সাধ্যমত সাহায্য করার মাধ্যমে আমরা সওয়াব অর্জন করতে পারি।
৬. পরিবারের সঙ্গে সময় কাটান
শীতে অনেক সময় স্বাভাবিক কাজ থেকে আমাদের বিরত থাকতে হয়। এসময় আমরা নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে নিজেদের মধ্যকার বন্ধনকে দৃঢ় করতে পারি এবং এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি।


