নিজস্ব প্রতিবেদক ● অচিরেই আসছে বহুকাঙ্ক্ষিত কওমি মাদরাসার সনদের স্বীকৃতি। সরকারের এই স্বীকৃতি প্রদানকে কোনো ষড়যন্ত্রই রুখে দিতে পারবে না বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, বর্তমান সরকার উলামায়ে কেরামের কল্যাণে কাজ করে যাচ্ছে । উলামায়ে কেরামরা যেভাবে বলেন সেভাবে আমরা সনদের মান দিতে প্রস্তুত ।
মঙ্গলবার সচিবালয়ে আলেমদের সঙ্গে এক বৈঠকে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। বিশেষসূত্র থেকে এ তথ্য জানা যায়। সূত্র জানিয়েছে, স্বীকৃতির বিষয়ে মন্ত্রী আশ্বস্ত করেন।
উল্লেখ্য, এর আগেও মন্ত্রী কওমী মাদরাসার সনদের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে আলেমরা যেভাবে বলবেন সেভাবেই সনদের স্বীকৃতি দেয়ার বিষয়ে আশ্বাস দিয়েছিলেন।
সূত্র নিশ্চিত করেছে, দেশের ৬টি কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনেই স্বীকৃতি আসছে। বোর্ডগুলো হলো, আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ও মুফতি মুহাম্মদ আলী পরিচালিত বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ, মাওলানা আহমদ শফী ও মাওলানা আবদুল কুদ্দুস পরিচালিত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, মুফতি রুহুল আমীন ও মাওলানা শামসুল হক পরিচালিত গওহারডাঙ্গা বেফাক বোর্ড, মুফতি সুলতান যওক নদভী ও মুফতি আবদুল হালিম বুখারী পরিচালিত আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসিল আরাবিয়া পটিয়া, চট্টগ্রাম, মুফতি আরশাদ রাহমানী ও মাওলানা হারুনুর রশিদ পরিচালিত তানজিমুল মাদারিসিদ দ্বীনীয়া আল কওমিয়া বাংলাদেশ [উত্তরবঙ্গ], মাওলানা হোসাইন আহমদ বারকুটি ও মাওলানা আবদুল বাসেত বরকতপুরী পরিচালিত আজাদ দ্বীনী এদ্বারা সিলেট।
সূত্র জানিয়েছে, শিক্ষামন্ত্রী আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদসহ শীর্ষ আলেমদের সঙ্গে আলাপচারিতায় একপর্যায়ে বলেন, একসপ্তাহের মধ্যেই স্বীকৃতি বাস্তবায়নের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ।
প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও উন্নয়ন) সভাপতিত্বে ২৮ মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় উল্লিখিত ৬ বোর্ডের শীর্ষস্থানীয় আলেমদের নিয়ে বৈঠক করেন। এরপরই শিক্ষামন্ত্রী হাটহাজারি মাদরাসায় গঠিত লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী।
বৈঠকে শীর্ষ আলেমদের নেতৃত্ব দেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। এ ছাড়াও পাঁচ সদস্যের ‘লিয়াজোঁ কমিটির অন্যান্য সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা রুহুল আমীন, মাওলানা মাহফুজুল হক ও মুফতী নূরুল আমীন উপস্থিত ছিলেন।


