সনদ সুরক্ষার বার্তা দিয়ে শেষ হলো আন্তর্জাতিক হাদীস কনফারেন্স
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র হাদীসের সনদ সুরক্ষার বার্তা দিয়ে শেষ হয়েছে জামিআ ইকরা বাংলাদেশ ও কর্ডোভা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক হাদীস কনফারেন্স।
৬ দিনব্যাপী আন্তর্জাতিক হাদীস কনফারেন্স শুরু হয় ১২ জানুয়ারি ২০২০ রোববার সকাল ১০টা থেকে। কনফারেন্সে সুনানে তিরমিযী শরীফের আদ্যোপান্ত পাঠ করা হয় এবং হাদীসে মুসালসালাতের দরস প্রদান করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) বাদ মাগরিব জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে সমাপনী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সুনানে তিরমিযী শরীফ ও হাদীসে মুসালসালাতের সনদ প্রদান করেন ০১. মদিনা শরীফের বিশিষ্ট হাদিস বিশারদ শায়খ আব্দুল ওয়াহিদ আল মায়দানী, সৌদি আরব। ০২. ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ, বাংলাদেশ। ০৩. মদীনা শরীফের বয়োবৃদ্ধ হাদিস বিশারদ শায়েখ মুহাম্মাদ আব্দুল মাজেদ আল হান্নাবী। ০৪. মাখতুতাত ও উলূমে হাদীস বিশেষজ্ঞ শায়খ ডক্টর নাজম আব্দুর রহমান খালাফ, ইরাক। ০৫. মাওলানা নুরুদ্দীন লাহোরী, বাংলাদেশ। ০৬. কর্ডোবা একাডেমী, ইউ.কে চেয়ারম্যান আবু বকর দানিয়াল, ব্রিটেন। ০৭. শায়েখ নাসির খান (রহ.)-এর ছাত্র মাওলানা আব্দুর রহীম কাসেমী, বাংলাদেশ প্রমুখ। 08. মিসরের বিখ্যাত হাদিস বিশেষজ্ঞ ডক্টর মুহাম্মদ ইসমাঈল আতিয়্যা।
আন্তর্জাতিক হাদীস কনফারেন্সের সমাপনী সম্মেলনের দরসে উপস্থিত শায়েখ ও বিদেশী শিক্ষার্থীরা সম্মেলনে নিজ ভাষায় অনুভূতি প্রকাশ করেন। আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ তাদের সবার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মোবারকবাদ জানান।
আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, পবিত্র কুরআন শরীফের পরেই হাদীস শরীফের মর্যাদা। আল্লাহ তাআলা আমাদের পেয়ারে নবীজী মুহাম্মদ (সা.)-কে জগতবাসীর জন্য রহমতস্বরূপ পাঠিয়েছেন। আর নবীজীর কথাবার্তা, কর্ম ও আমল সবকিছুই হাদীস।
তিনি বলেন, হাদীসের ক্ষেত্রে সনদ খুবই গুরুত্বপূর্ণ। কারণ হাদীসের অধিকাংশই খবরে ওয়াহিদের মাধ্যমে এসেছে। কিন্তু কুরআনের ক্ষেত্রে সনদের প্রয়োজন নেই। কারণ, কুরআন মুতাওয়াতিরভাবেই এসেছে।
আল্লামা মাসঊদ বলেন, জামিআ ইকরা ও কর্ডোভা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক হাদীস কনফারেন্সে সৌদি আরব, ইরাক, মিশর, ব্রিটেন, আমেরিকা, কানাডা, ফ্রান্স, সিঙ্গাপুর, লেবানন, মালয়েশিয়া, ভারতসহ দেশী-বিদেশী মাশায়েখে কেরাম তিরমিযী শরীফের সনদ প্রদান করেছেন। আল্লাহ তাআলা তাদের নেক হায়াত দান করুন। অন্তরে নবীপ্রেম নিয়ে আন্তর্জাতিক হাদীস কনফারেন্সে হাজির হওয়ায় সবার শুকরিয়া আদায় করছি।
আন্তর্জাতিক হাদীস কনফারেন্সে উপস্থিত শায়েখ ও বিদেশী শিক্ষার্থীদের জামিআ ইকরা বাংলাদেশের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন ইকরার শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ ও অতিথিবৃন্দ।
সমাপনী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমানের রাষ্ট্রদূত ওমর বিন মোহাম্মেদ বিন রামাদান আল বুলশী। তিনি নিজ অনুভূতি ব্যক্ত করে বলেন, এই মোবারক হাদীসের মজলিসে হাজির হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ তাআলা আপনাদের এই পরিশ্রমকে সার্থক ও সুন্দর করুন।
জামিআ ইকরা বাংলাদেশ ও কর্ডোভা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক হাদীস কনফারেন্সে উপস্থিত হওয়ায় ওমানের রাষ্ট্রদূত ওমর বিন মোহাম্মেদ বিন রামাদান আল বুলশীকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
সমাপনী সম্মেলনে মাখতুতাত ও উলূমে হাদীস বিশেষজ্ঞ শায়খ ডক্টর নাজম আব্দুর রহমান খালাফ প্রজেক্টরে প্রাচীন কুরআন, হাদীস ও অন্যান্য কিতাবের পাণ্ডুলিপি প্রদর্শন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাকরাইল সার্কিট হাউজ মসজিদের খতিব ও জামিআ ইকরা বাংলাদেশের রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ ও জামিআ ইকরার সিনিয়র মুহাদ্দিস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা হোসাইনুল বান্না।
সমাপনী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, আপিল বিভাগের বিচারপতি ঈমান আলী, মাওলানা আসআদ আল-হোসাইন, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাইফী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সেক্রেটারি জেনারেল ও জামিআ ইকরা বাংলাদেশের মুহতামিম (উন্নয়ন ও প্রশাসন) মাওলানা সদরুদ্দীন মাকনুন, জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মুফতী ফয়জুল্লাহ আমান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ উল্লাহ, মুফতী রিয়াজুল ইসলাম, মাওলানা জুনুদ উদ্দীন মাকতুম, মাওলানা শফিকুল ইসলাম, মুফতী আব্দুস সালামপ্রমুখ।
অনুষ্ঠান শেষে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আয়োজিত আন্তর্জাতিক হাদীস কনফারেন্সের আখেরি মোনাজাত পরিচালনা করেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।



