সুহবতে মানুষ আলোকিত হয় : মাহমুদ মাদানী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: আকাবিরের সুহবতেই সাধারণ মানুষের হৃদয়ের পরিবর্তন ঘটে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী। তিনি বলেন, প্রত্যেক মুসলমানের কালবে সালীমের অধিকারী হতে হবে। বিজ্ঞ আলেম ও আল্লাহর অলিদের কাছে যাওয়ার কারণে, আল্লাহর নেক বান্দার সুহবত লাভের মাধ্যমে মানুষের হৃদয়ে প্রশান্তি আসে। মানুষ আলোকিত হয়। প্রশান্ত হৃদয় গঠনের জন্যই মানুষকে আল্লাহ ওয়ালাদের কাছাকাছি যেতে হবে।
পবিত্র কুরআনের সূরা রাদ-এর আয়াত তেলাওয়াত করে বলেন, এরা সেইসব লোক, যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর যিকিরে প্রশান্তি লাভ করে। মনে রেখ, আল্লাহর জিকিরই সেই জিনিস, যাতে অন্তরে প্রশান্তি লাভ হয়।
শুক্রবার বন্দর নগরী চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী বিশেষ মেহমানের বক্তৃতায় এসব কথা বলেন।
সাইয়্যিদ হোসাইন আহমদ মাদানীর এই দৌহিত্র মাওলানা মাহমুদ মাদানী উপস্থিত সবাইকে আত্মশুদ্ধির জীবন গঠনের আহ্বান জানিয়ে বলেন, কালবে সালীম গঠনের জন্য সুহবত যেমন জরুরি তেমনি জরুরি হলো মেহনত। প্রচেষ্টা। দুনিয়ার প্রতি মোহ পরিত্যাগ করা। তাহলেই সুহবতে ব্যক্তির উন্নতি হবে। কালবে সালীম ইখতিয়ার করতে সক্ষম হবেন বান্দা।
মাহমুদ মাদানী বলেন, কালবে সালীম তথা প্রশান্ত হৃদয় গঠনের জন্য কিছু গুণ অর্জন করতে হবে। এক. ইখলাস বা একনিষ্ঠতা, দুই. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুসরণ করা, তিন. আল্লাহকে ভালবাসা ও আল্লাহর প্রতি সন্তুষ্টি, চার. সত্যবাদিতা, পাঁচ. তাকওয়া অবলম্বন, ছয়. সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ, সাত. মানুষের কল্যাণে কাজ করা, আট. উত্ত চরিত্র গঠন করা।
প্রসঙ্গত, ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতি ও শুক্রবার বন্দর নগরী চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।


