সৌদিকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা

সৌদিকে ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের কাছে ৬৫০ মিলিয়ন অর্থাৎ ৬৫ কোটি ডলার মূল্যের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র। খবর এএফপির।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ক্ষমতায় আসার পর এই প্রথম সৌদিকে বিপুল অস্ত্র দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দফতর বিবৃতিতে জানায়, ড্রোন হামলা ঠেকিয়ে সৌদি আরব যাতে নিজেদের সুরক্ষিত রাখতে পারে, সে জন্য রিয়াদের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে পররাষ্ট্র দপ্তর।

পেন্টাগন জানিয়েছে, নিজস্ব নিরাপত্তা জোরদারে সৌদি আরব এ অস্ত্র কিনছে। মিত্র রিয়াদকে বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহযোগিতার জন্য এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ক্ষেপণাস্ত্র বিক্রির নতুন সিদ্ধান্তের আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৮০টি অত্যাধুনিক মাঝারি পাল্লার এআইএম-১২০সি ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি কিনতে পারবে সৌদি আরব। খবরে বলা হয়, মধ্য পালার এআইএম-১২০সি-৭/সি-৮ মডেলের এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্রগুলো ৬৫ কোটি ডলারে বিক্রি করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ হাজার ৫৭৬ কোটি ৪০ লাখের বেশি।

ইয়েমেনে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান চালাচ্ছে। হুতি বিদ্রোহীদের ড্রোনসহ সংশ্লিষ্ট প্রযুক্তি ইরান সরবরাহ করছে বলে অভিযোগ মার্কিন কর্মকর্তাদের।

অস্ত্র বিক্রয়ের জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে না। তবে মার্কিন আইনপ্রণেতারা সিনেট ও প্রতিনিধি পরিষদে একটি অসম্মতি বিল পাস করে এই চুক্তি আটকিয়ে দিতে পারেন। এর আগে, ইয়েমেনে নির্বিচারে হামলার জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি নেতৃত্বাধীন জোটকে সহায়তা বন্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন।

সৌদি জোট ইয়েমেনে বেসামরিক জনতার উপর বিমান হামলা চালাচ্ছে এমন অভিযোগ উঠার পর আমেরিকা ছাড়াও জার্মানি ও ইউরোপীয় কয়েকটি দেশ সৌদি আরবে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *