২য় ধাপে গ্যাসের দামবৃদ্ধির কার্যকারিতা স্থগিত

২য় ধাপে গ্যাসের দামবৃদ্ধির কার্যকারিতা স্থগিত

নিজস্ব প্রতিবেদক ● আগামী ১ জুন থেকে কার্যকরের অপেক্ষায় থাকা দ্বিতীয় ধাপে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্তের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এ ছাড়া গণবিজ্ঞপ্তি দিয়ে ১ মার্চ ও ১ জুন থেকে গ্যাসের নতুন দাম পুনর্নির্ধারণ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।

গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দুই ধাপে সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এই গণবিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম দফায় বুধবার ১ মার্চ ও দ্বিতীয় দফায় ১ জুন থেকে দাম বাড়ার কথা। এর মধ্যে আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ১ মার্চ থেকে এক চুলার জন্য ৬০০ টাকার পরিবর্তে ৭৫০ ও দুই চুলার জন্য ৬৫০ টাকার পরিবর্তে ৮০০ টাকা বিল দিতে হবে। আর আগামী জুন থেকে এক চুলার জন্য ৯০০ ও দুই চুলার জন্য ৯৫০ টাকা বিল দিতে হবে। যেসব আবাসিক গ্রাহকের মিটার আছে, মার্চ থেকে তাঁদের ক্ষেত্রে প্রতি ঘনমিটার ৯ টাকা ১০ পয়সা এবং জুন থেকে ১১ টাকা ২০ পয়সা ধার্য করা হয়েছে। সিএনজি, সার, বিদ্যুৎ, শিল্প, বাণিজ্যিকসহ অন্যান্য ক্ষেত্রেও দাম বাড়ানো হয়েছে।

বিইআরসির ২৩ ফেব্রুয়ারির ওই গণবিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কনজ্যুমার কমপ্লেন হ্যান্ডলিং ন্যাশনাল কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেন গত সোমবার রিট আবেদনটি করেন। মঙ্গলবার আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম সাইফুল আলম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। শুনানি নিয়ে আদালত রুল দেন।

রুলে ২৩ ফেব্রুয়ারি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১ মার্চ ও ১ জুন থেকে গ্যাসের নতুন দাম পুনর্নির্ধারণ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বিইআরসি, বিইআরসির চেয়ারম্যান ও সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। পরে আইনজীবী এম সাইফুল আলম প্রথম আলোকে বলেন, বিইআরসি আইনের ৩৪(৫) ধারা অনুসারে বছরে একবারের বেশি গ্যাসের দাম বাড়ানো যায় না।

patheo24/mr

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *