নবীজীর রওযা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র নগরী মদিনায় মহানবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওযা জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা রোববার বাদ জোহর মসজিদে নববীতে মহানবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর রওজা জিয়ারত করেন।
তিনি দেশবাসীর কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল এবং প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও রওজা জিয়ারতে অংশ নেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিশেষ বিমানে স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে মক্কা থেকে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।
মদিনার ডেপুটি গভর্নর ওয়াহিব আল-সাহলি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। শেখ হাসিনা জাপানে চারদিনের সফর শেষে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে ৩১ মে ইসলামী সহযোগিতা সংস্থার ১৪তম সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যান।


