আইন-শৃঙ্খলার উন্নতি কাম্য

আইন-শৃঙ্খলার উন্নতি কাম্য

আইন-শৃঙ্খলার উন্নতি কাম্য

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আইন প্রয়োগের অভাবেও সামাজিক সমস্যা বৃদ্ধি পায়। বাড়তে থাকে খুনোখুনি। বার্তমান পরিস্থিতি এতই নাজুক যে আইন-শৃঙ্খলা বাহিনীও কোথাও কোথাও ধরাশায়ী হচ্ছে। এতে করে আরও বেশি সন্ত্রাসীরা উসকানী পাবে বলে আমাদের বিশ্বাস। দেশের বিভিন্ন স্থানে অপরাধমূলক কর্মকাণ্ডের যেসব খবর গণমাধ্যমে এসেছে, তাতে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। এমনিতেই আমাদের সমাজব্যবস্থা ভেঙে পড়েছে। সামাজিক শৃঙ্খলা ও অনুশাসন বলতে কিছু নেই। একের পর এক অপরাধমূলক কর্মকা- ঘটছে। যেন কোনো প্রতিকার নেই। মানবিক বোধ যেন উধাও হয়ে গেছে। কিছু মানুষ একেবারেই মরিয়া হয়ে উঠেছে। আমরা পত্রিকা খুললেই দেখি, খুন-ধর্ষণের মতো ঘটনা ঘটছে প্রতিদিন। আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলা হলেও তার কোনো নিদর্শন পাওয়া যাচ্ছে না।

শুক্রবার প্রকাশিত খবরগুলোর দিকে দৃষ্টি দিলে স্পষ্ট হবে মানুষ কতটা নৃশংস হতে পারে। আদালতে যাওয়ার পথে নাটোরের গুরুদাসপুরে হাত কেটে নিয়ে এবং পা গুঁড়িয়ে দিয়ে একটি হত্যা মামলার প্রধান সাক্ষীকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত বুধবার রাতে রাজধানীর অদূরে সাভার ও আশুলিয়ায় পৃথক স্থান থেকে তিন নারীসহ ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বরগুনার পাথরঘাটা উপজেলায় পেট্রল ঢেলে মেয়ে ও তার মাকে ঘরে আটকে আগুন দেওয়ার পর বেল্লাল হোসেন নামের এক যুবক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে মেয়ে কারিমার মৃত্যু হয়। মা সাজেনুর বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। সাজেনুর বেল্লাল হোসেনের স্ত্রী।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় স্বামীকে তালাক দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে স্ত্রীর দুই হাত কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুধু তা-ই নয়, তালাকপ্রাপ্ত স্বামীর হুমকিতে হাসপাতালে চিকিৎসাও নিতে পারছেন না সুমি আক্তার নামের এক সন্তানের জননী। বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দিনে-দুপুরে হামলা, ভাঙচুর ও লুট করেছে প্রতিপক্ষের লোকেরা। এ সময় অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে লাথি মেরে ফেলে দিলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলে আমতলী থানার পুলিশ উপস্থিত থাকলেও কাউকে গ্রেপ্তার করেনি বলে অভিযোগ উঠেছে। ওদিকে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর দুর্গম চরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে একদল পুলিশ। এতে চার পুলিশ সদস্যসহ মোট পাঁচজন আহত হয়েছে। এ সময় আটক এক আসামিকে ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা।

আমরা গভীরভাবে লক্ষ্য করছি, আমাদের এই প্রিয় দেশ অর্থনৈতিক দিক থেকে যেমন এগোচ্ছে তেমনি উন্নয়নের মডেল হয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আলোচনায় উঠে এসেছে। শিক্ষায় এগিয়েছে, খেলায় এগিয়েছে কিন্তু আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যদি এভাবে ঘটতে থাকে, তাহলে তো আতঙ্ক বাড়তেই থাকবে। কাজেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুরক্ষায় আমাদের আরও নজরদারি বাড়ানোর কোনো বিকল্প নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *