দারুল উলূম দেওবন্দে শুভেচ্ছা বার্তা নিয়ে হিন্দু ধর্মীয় গুরু স্বামী ধর্মবন্ধু
সংলাপের উপর জোর দিন। মুসলমান ছাড়া ভারত কল্পনাতীত : দেওবন্দে স্বামী ধর্মবন্ধু
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: গুজরাতের বৈদিক মিশন ট্রাস্টের প্রধান, প্রসিদ্ধ ধর্মীয় গুরু স্বামী ধর্মবন্ধু দেশের নৈরাজ্যকর পরিস্থিতির উপর উদ্বেগ প্রকাশ করে বলেন, ভুল বোঝাবোঝি দূরীকরণে এখন সংলাপের ওপর জোর দিতে হবে। তিনি বলেন, সমঝোতাই পারে পারস্পরিক এই ভুল বোঝাবোঝি দূর করতে।
১৪ জানুয়ারি (মঙ্গলবার) স্বামী ধর্মবন্ধু দেওবন্দে গমন করেন।দারুল উলুমের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী, নায়েবে মুহতামিম আবদুল খালেক মাদ্রাজী, মাওলানা আব্দুল খালেক সাম্বুলীর সাথে সাক্ষাত করেন। তখন তিনি এসব কথা বলেন।
এসময়ে তিনি আরো বলেন, আমি দেওবন্দে আগেও এসেছি কিন্তু আমি আপনাদের জন্য শুভেচ্ছাবার্তা নিয়ে এসেছি। সামপ্রদায়িক কার্যকালাপের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা ভাবছে বিদ্বেষ ও ঘৃণা পোষণের রাজনীতি দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে তারা ভুলের ওপরে আছে।
দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, বর্তমানে দেশের পরিস্থিতি খুবই শোচনীয়। এর নিরসনে নাগরিক হিসাবে আমাদের সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। তাছাড়া এর উত্তরণ সম্ভব নয়।
মতবিনিময়কালে তিনি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার সাক্ষাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমি তাকে বলেছি সাম্প্রদায়িক মনোভাব ত্যাগ করে সম্প্রীতির পথে এগিয়ে আসুন। মুসলমান ছাড়া ভারতকে কল্পনাও করা যায় না। তারা এদেশের আত্মজ। এদেশের সৌন্দর্য তারা।
ভুল বোঝাবেঝির নিরসনে স্বামী ধর্মবন্ধু বলেন, সারা দেশে বর্তমানে সাম্প্রদায়িক মনোভাবকে কেন্দ্র করে চলছে ভুল বোঝাবোঝির অবাধ নৈরাজ্য। পারস্পরিক এ সমস্যা নিরসনে প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিবর্গকে এগিয়ে এসে সংলাপে জোরদান করতে হবে। পারস্পরিক মতবিনিময় ও সংলাপের মাধ্যমেই দূর করতে হবে এ নৈরাজ্যকর পরিস্থিতি। দারুল উলুম দেওবন্দ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে আশা করি।
দেশ ও জাতির প্রতি দারল উলুমের অবদানের কথা তিনি স্বীকার করে বলেন, দারুল উলুম দেওবন্দ স্বাধীনতা লড়াইয়ে অংশ নিয়ে এদেশকে স্বাধীনতা এনে দিয়েছে। দেশের প্রতি দারুল উলুমের অবদান অনস্বীকার্য।
এ সময়ে দারুল উলুমের মুহতামিম মাওলানা আবুল কাসেম নুমানী ইসলামে প্রদেয় মনুষত্ববোধ, দারুল উলুমের শিক্ষাব্যবস্থা স্বামী ধর্মবন্ধুর সামনে বিস্তারিত আকারে তুলে ধরে বলেন, আমরা ইলমের আলো বিতরন করি কিন্তু তা বিক্রি করি না। গভর্মেন্ট থেকে কোনধরণের সাহায্যও আমরা নিই না। দেশ ও জাতির জন্য আমরা সবসময় নিবেদিত।
এদিকে উসুলে হাশতেগানা বিষয়ে স্বামী ধর্মবন্ধুকে অবগত হলে বৈদিক ট্রাস্ট মিশনও একই কার্যপ্রক্রিয়ায় পরিচালিত হয় বলে তিনি জানিয়েছেন।
ইংরেজি বিভাগের শিক্ষক মাওলানা আব্দুল মালেক দারুল উলুমের লাইব্রেরি ও ভবন ঘুরিয়ে দেখান। এসময়ে তিনি ছাত্রদের সঙ্গেও মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি তাদের বলেন, মানবতাকে সবার উপরে রাখতে হবে। অযথা গুজবে কান ভারী না করে সংলাপের পথে হাঁটাই এখন সময়ের দাবি।
দারুল উলুম পরিদর্শন শেষে তিনি খুব আনন্দিত ও খুশী বলে জানান।
অনুবাদ ও গ্রন্থনা : আবদুল্লাহ আমান
সূত্র : আসরে হাজির, দিল্লী


