কুরআন অবমাননাঃ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও শান্তি বজায় রাখার আহবান আল্লামা মাসঊদের

কুরআন অবমাননাঃ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান ও শান্তি বজায় রাখার আহবান আল্লামা মাসঊদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লায় একটি পূজামণ্ডপে পবিত্র কুরআন অবমাননার কথিত ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

আজ বুধবার (১৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ গোটা বিশ্বের জন্য এক অনন্য নজীর। এই সম্প্রীতি বিনষ্টে নিজেদের উপাসনালয় যেন ব্যবহৃত না হতে পারে, তা নিশ্চিত করতে সনাতন ধর্মাবলম্বীদের সচেতন হতে হবে। এর পাশাপাশি এধরণের ঘৃণ্য সাম্প্রদায়িক কর্মের জোড়ালো প্রতিবাদ জানাতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহবান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, পবিত্র কুরআনের অবমাননায় মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কিন্তু একজন মুসলমান, ইসলাম অনুমোদিত পন্থায়ই কেবল এই আঘাতের প্রতিক্রিয়া প্রকাশ করতে পারে।

দ্বীন জযবার নাম নয়, দ্বীন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণের নাম – মন্তব্য করে আল্লামা মাসঊদ বলেন, এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ভালো কোনো মাধ্যম ব্যতীত কল্যাণকর কিছু সংঘটিত হতে পারে না।” অপর এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো যদিও সে বিধর্মী হয়, কেননা তা কবুল হওয়ার মাঝে কোন আড়াল থাকে না।”

শান্তি ও সম্প্রীতি রক্ষায় সবাইকে প্রত্যয়ী হতে আহবান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, এই উদ্ভুত পরিস্থিতিতে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালাতে না পারে, এবিষয়ে আমাদের প্রত্যেককে সজাগ ও সতর্ক থাকতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *