পাথেয় রিপোর্ট : দেশে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হলেও আওয়ামী লীগের অবস্থা মালদ্বীপের চেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দীন উমর
তিনি বলেন, সামনে তারা আরও বেশি বিপদের মধ্যে পড়বে। আর আওয়ামী লীগ একবার বিদায় হলে জীবনেও আর ক্ষমতায় ফিরে আসতে পারবে না।
২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বদরুদ্দীন উমর এ মন্তব্য করেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় মুক্তি কাউন্সিল। সংগঠনটি নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সম্মতিতে অস্থায়ী সরকার গঠনের দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের বিভিন্ন দাবি তুলে ধরেন সংগঠনটির সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, ‘অবিলম্বে বর্তমান সরকারকে পদত্যাগ করতে হবে। জাতীয় সংসদ ভেঙে দিতে হবে এবং সব রাজনৈতিক দলের সম্মতিতে অস্থায়ী সরকার গঠন করতে হবে।’
সংবাদ সম্মেলনে ১৯৯০ সালের মতো এ ধরনের সরকার গঠনের ওপর গুরুত্বারোপ করেন বদরুদ্দীন উমর। তিনি প্রশ্ন রেখে বলেন, ৯০ সালে কীভাবে হয়েছিল? সেটা কি সংবিধানে ছিল? অস্থায়ী সরকারের ফর্মুলা কী হবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কথাগুলো বলেন উমর।
সংগঠনটি ওই অস্থায়ী সরকারের কাছে শুধু নির্বাচন আয়োজন করাই নয়, আরও বেশ কিছু দাবি জানিয়েছে। এসব দাবির মধ্যে রয়েছে সভা-সমাবেশ ও মিছিল, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গুম ও বিচারবহির্ভূত হত্যার বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। সংবাদপত্রসহ সব ধরনের গণমাধ্যমের ওপর সরকারি হস্তক্ষেপ বন্ধ করতে হবে। সভা–সমাবেশে পুলিশের বাধা প্রদানের আইনগত ক্ষমতা বাতিল করতে হবে।


