করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় মসজিদে মসজিদে মোনাজাত
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রাণঘাতি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কী করতে হবে এখনও তার দিশা পায়নি বিশ্ব। সংক্রমিত হলে কি চিকিৎসা নেয়া হবে পাওয়া যায়নি সে উপায়ও। সব মিলিয়ে করোনাভাইরাস নিয়ে এক গন্তব্যহীন দশায় রয়েছে গোটা বিশ্বের মানুষ।
শুক্রবার (১৩ মার্চ) পর্যন্ত করোনায় বিভিন্ন দেশে প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ জন। দুজন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ দুজনের মধ্যে একজন বাড়ি ফিরে গেছেন। করোনা ভাইরাস যেন বাংলাদেশে ভয়াবহ আকারে ছড়িয়ে না পড়ে সে কামনায় শুক্রবার জুমার নামাজের পর মোনাজাত করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
ইসলামিক ফাউন্ডেশনের আহ্বানে জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই দোয়া করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মুফতি মাওলানা মুহিবুল্লাহিল বাকী।
মোনাজাতে বিশ্বের সব দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত রোগীদের আরোগ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এছাড়া রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মসজিদের ইমাম ও খতিবরা করোনাভাইরাস থেকে সুরক্ষিত রাখতে আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন।
এদিকে শুক্রবার (১৩ মার্চ ২০২০) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে ভয় কিংবা আতঙ্কিত হওয়ার কিছু নেই। প্রকৃত মুমিন কখনো আতঙ্কিত হয় না, আতঙ্ক ছড়ায় না। সে সবসময় আল্লাহর উপর ভরসা করে থাকে। নিজ গুনাহের কারণে লজ্জিত হয়ে তওবা করে। কারণ একমাত্র আল্লাহ তাআলাই পারেন এই ধরনের মহারামি থেকে মুক্তি দিতে।


