নূর হোসাইন কাসেমীর ইন্তেকালে আমি শোকাহত-ব্যথিত
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আল্লামা নূর হোসাইন কাসেমীর ইন্তেকাল দ্বীনের পথের একজন বিশিষ্ট আলেমেদ্বীনকে হারিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, আমি শোকাহত ও ব্যথিত। আল্লাহ তাআলা মাওলানার আখেরাতকে সুন্দর করুন। দারাজাতকে বুলন্দ করুন।
আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মাওলানা নূর হোসাইন কাসেমী ছিলেন শিক্ষার্থীবান্ধব শিক্ষক। সব শিক্ষকই ছাত্রদের ভালোবাসেন। তবে তিনি ছিলেন একটু আলাদা। মানুষের জন্য ও মানবতার জন্য তিনি ছিলেন উদগ্রীব। ব্যথিত। তাকে হারিয়ে আমরা দ্বীনের পথের একজন চালককে হারালাম।
একজন আলেমের মৃত্যু সবার জন্য অনেক বড় বার্তা উল্লেখ করে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আলেমের বিদায়ে ফাফিররু ইলাল্লাহ মানে আল্লাহর দিকেই আমাদের ফিরতে হবে। অন্য কোনো পথ নেই। আলেমের বিদায়ের মাধ্যমেই একসময় পৃথিবী নুয়ে পড়বে। ইলম কবজ হতে শুরু করবে। একসময় নাশ হবে এ পৃথিবী। সুতরাং হে পৃথিবীর আরমপ্রিয় মানুষ, আল্লাহর প্রেমে দ্বীনের পথে নিজেকে সঁপে দাও। চিরন্তন সাফল্যের জন্য প্রস্তুতি নাও।
রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা নূর হোসাইন কাসেমী ইন্তেকাল করলে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।


