’নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনায় আমরা স্তব্ধ ও শোকাহত’
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হওয়া সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর শোক জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
শুক্রবার রাতে হেফাজতের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
আহমদ শফী বলেন, ‘শুক্রবার মুসলমানদের পবিত্র দিনে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের কাছে অবস্থিত মসজিদ আল নুরে যে সন্ত্রাসী হামলা হয়েছে তা বর্বরোচিত। বিশ্ব মুসলিম সম্প্রদায় এ ন্যক্কারজনক ঘটনায় স্তব্ধ ও শোকাহত। আমি এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।’ তিনি আরো বলেন, ‘পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান মসজিদে নামাজরত অবস্থায় এমন কাপুরুষোচিত হামলা কোনো মানুষের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়।’
এদিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসীদের হামলায় পবিত্র মসজিদে ৪৯ জন শহীদ হওয়ার ঘটনায় সঠিক তদন্ত করে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে নতুনভাবে আন্তর্জাতিক মহলকে ভাবতে হবে জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লাম ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। বিশ্বকে এ বিষয়ে আরও সচেতন ও অগ্রসর ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মাসউদুল কাদির স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সমবেদনাও জানান ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে এলোপাতাড়ি হামলায় প্রমাণিত হলো, সন্ত্রাসবাদের জন্য কোনো নির্ধারিত ধর্ম বা জনগোষ্ঠীকে দায়ী করা যাবে না। প্রকৃতঅর্থে সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। তাদের একটাই পরিচয় তারা সন্ত্রাসী বা জঙ্গিবাদি।
প্রবাসী ও নিউজিল্যান্ডের স্থানীয় মুসলমানদের প্রতি ধৈর্য ও সহনশীল আচরণের আহ্বান জানিয়ে শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লাম ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, উগ্রবাদিদের সঙ্গে উগ্রতা দিয়ে নয় ভালোবাসা দিয়ে আমরা ইসলামকে বিজয়ী করতে চাই। ইসলাম সবসময় শান্তির প্রতি, সম্প্রীতির প্রতি আহ্বান জানায়। ইসলামে যেমন উগ্রতা নেই, তেমনি সন্ত্রাসবাদিতার কোনো লেশমাত্র নেই। সন্ত্রাসের জন্য, জঙ্গিবাদ প্রতিষ্ঠার জন্য, বিশ্বজুড়ে অশান্তি সৃষ্টির জন্য একটা চিহ্নিত শক্তি ইসলামের লেভেলকে ব্যবহারের অপচেষ্টা করেছে মাত্র। তারা বিশে^র কাছে ফাসাদী হিসেবেই পরিচিতি পেয়েছে। আজকের খ্রিষ্টান, বৌদ্ধ ও কোথাও কোথাও হিন্দু উগ্রবাদিরাও মুসলিম নিধনে সন্ত্রাসবাদ করছে। একদিন এরা ইসলামের সৌন্দর্যের কাছে পরাজিত হবে ইনশাআল্লাহ।


